ATN
শিরোনাম
  •  

নতুন অতিথির অপেক্ষায় সিদ্ধার্থ-কিয়ারা, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী

         
নতুন অতিথির অপেক্ষায় সিদ্ধার্থ-কিয়ারা, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী

নতুন অতিথির অপেক্ষায় সিদ্ধার্থ-কিয়ারা, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী

বলিউডের জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির সংসারে আবারও আসতে চলেছে নতুন অতিথি। প্রথম সন্তান সারায়াহর জন্মের পর এবার দ্বিতীয়বারের মতো মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন ছবি শেয়ার করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন কিয়ারা। ছবিতে সিদ্ধার্থ ও মেয়ে সারায়াহর সঙ্গে দেখা যায় ছোট্ট শিশুর একজোড়া বোনা জুতো। প্রথমবার সন্তান আসার খবর জানানোর সময়ও প্রায় একই ধরনের ছবি প্রকাশ করেছিলেন তারকা দম্পতি।

ছবির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, ‘এমন এক অমূল্য আশীর্বাদে হৃদয় কৃতজ্ঞতা ও ভালোবাসায় ভরে উঠেছে।’ তার এই পোস্টের পরপরই শুভেচ্ছায় ভাসছেন সিদ্ধার্থ-কিয়ারা। বলিউডের সহকর্মী থেকে শুরু করে ভক্ত—সবাই নতুন অতিথিকে ঘিরে শুভকামনা জানাচ্ছেন।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে রাজকীয় আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এরপর গত বছরের নভেম্বরে প্রথম সন্তান সারায়াহকে স্বাগত জানান তারা। মেয়ের জন্মের পরও অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে যাননি কিয়ারা।

চলতি বছর দক্ষিণী তারকা যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। মাতৃত্বের পর নিজের জীবনে আসা পরিবর্তন নিয়েও সম্প্রতি কথা বলেছেন তিনি। রাজ শামানির পডকাস্টে কিয়ারা জানান, মা হওয়ার পর জীবন যেন সম্পূর্ণ নতুন এক মোড় নিয়েছে। একই সঙ্গে নিজেকে আগের চেয়ে আরও স্বাধীন ও মানসিকভাবে শক্তিশালী মনে হচ্ছে বলেও জানান তিনি।

কাজের প্রতি কিয়ারার এই একাগ্রতার প্রশংসা করেছেন ‘টক্সিক’ সিনেমার সহ-অভিনেত্রী হুমা কুরেশিও। তিনি জানান, সিনেমাটির একটি ভারী বৃষ্টির দৃশ্যে শুটিং করার সময় কিয়ারা ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক নানান জটিলতা ও প্রতিকূলতা সত্ত্বেও এতটুকু না দমে দৃশ্যটির কাজ নিখুঁতভাবে শেষ করেছিলেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ব্যবসাসফল সিনেমা ‘শেরশাহ’-র সেটে প্রথম কাছাকাছি আসেন সিদ্ধার্থ ও কিয়ারা। সিনেমায় ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে সিদ্ধার্থ এবং ডিম্পল চিমার চরিত্রে নজর কাড়েন কিয়ারা। পর্দার সেই প্রেম কালক্রমে বাস্তবে রূপ নেয়। দীর্ঘদিন গোপন রাখার পর টক শো ‘কফি উইথ করণ’-এ সম্পর্কের কথা পরোক্ষভাবে স্বীকার করেন তারা, যা পরবর্তীতে পরিণতি পায় ধুমধাম বিয়ের মাধ্যমে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ