ATN
শিরোনাম
  •  

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

         
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, তথ্যপ্রযুক্তি, আউটসোর্সিং ও শিক্ষা খাতে দুই দেশের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সাক্ষাতের বিষয়টি রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘদিনের ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে কানাডার সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র ও সংসদীয় রীতির অনুপস্থিতির কারণে বর্তমান সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।

এ সময় কানাডার হাইকমিশনার জানান, বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বছরে চার বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিং খাতের কথা উল্লেখ করেন। পাশাপাশি কারিগরি শিক্ষা, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা খাতেও কানাডার সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, এক লাখেরও বেশি বাংলাদেশি কানাডার উন্নয়নে অবদান রাখছেন।

সাক্ষাৎকালে কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টিও রাষ্ট্রপতিকে অবহিত করেন হাইকমিশনার অজিত সিং।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। হাইকমিশনার জানান, রোহিঙ্গাদের জন্য কানাডা সরকার এ পর্যন্ত প্রায় ৬০০ মিলিয়ন ডলারের সহযোগিতা দিয়েছে। অব্যাহত সহযোগিতার জন্য কানাডা সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কানাডার কার্যকর ভূমিকা কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কানাডার পক্ষে রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিসও বৈঠকে উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ