ATN
শিরোনাম
  •  

ঢাকা উত্তর যুবদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা

         
ঢাকা উত্তর যুবদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা

ঢাকা উত্তর যুবদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা

মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত হওয়ার পর ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নতুন কমিটিতে কারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। কেন্দ্রীয় যুবদল যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করতে পারে—এমন আলোচনা রয়েছে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে।

গত ৩০ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য নেতাদের নিয়ে আলোচনা শুরু হয়। পদপ্রত্যাশী নেতারাও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগসহ নিজেদের অবস্থান তুলে ধরতে তৎপর রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন এবং বিভিন্ন মামলা-হামলার মুখেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন, তাদেরও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, আইয়ুব আলী, তসলিম আহসান মাছুম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন এবং আদাবর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালসহ কয়েকজন।

তাদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে মহানগর উত্তর যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে আসা নেতাদেরও নতুন নেতৃত্বে জায়গা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, তানভীর আহম্মেদ ইকরাম, আবু সালেহ চৌধুরী মানিক, সাবেক সদস্য ফরহাদ আলী সজীব, আরিফ হোসেন, যুবদলের সাবেক সদস্য আমিনুল ইসলাম, ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান রুয়েল, কামরুল ইসলাম, রফি উদ্দিন ফয়সাল প্রমুখ।

যুবদলের কেন্দ্রীয় নেতারা বলছেন, যারা দুঃসময়ে দলকে আগলে রেখেছিলেন, হামলা-মামলা মাথায় নিয়েও রাজপথ ছাড়েননি এবং যাদের বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজি বা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই; তাদেরই ঢাকা মহানগর উত্তরের হাল ধরার সুযোগ দেওয়া হবে। কারণ আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে এই কমিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি পদপ্রত্যাশী মনিরুল ইসলাম স্বপন বলেন, ২০০৩ সাল থেকে যুবদল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি। ফ্যাসিবাদী আমলে নানাভাবে নির্যাতিত হয়েছি। তবে কখনো আন্দোলনের মাঠ ছাড়িনি। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে ছিলাম। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ