ATN
শিরোনাম
  •  

সরকার চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না -ডাঃ জাহেদ উর রহমান

         
সরকার চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না -ডাঃ জাহেদ উর রহমান

সরকার চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না -ডাঃ জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান বলেছেন, সরকার চাঁদাবাজিকে কোনওভাবেই প্রশ্রয় দিচ্ছে না। তিনি বলেন, মিরপুরের ঘটনার পর সরকার যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে বোঝা যায় সরকার এগুলো সহ্য করবে না। উপদেষ্টা আজ তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবদিকদের ব্রিফকালে এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। সবাই মিলে চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন তথ্য উপদেষ্টা। রাজধানীতে অটোরিক্সা চালকদের আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার অটোরিক্সা নিয়ে একটি নীতিমালা তৈরির কাজ করছে। সবার সাথে আলোচনা করেই এটি চূড়ান্ত করার কথা বলেন ডাঃ জাহেদ উর রহমান। অটোরিক্সা পরিবেশবান্ধব ও কর্মসংস্থান সৃষ্টি করলেও লাগামহীনভাবে এটা চলতে পারে না বলে মনে করেন তিনি। তিনি বলেন, এ বাহনটির নিরাপত্তার দিকটিও নীতিমালায় নিশ্চিত করা হবে।

ডাঃ জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে সরকারও মূল্য সমন্বয় করবে। জ্বালানির দাম স্থিতিশীল হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন তিনি। সরকার বাধ্য হয়েই এলপিজির দাম সমন্বয় করেছে। তারপরেও কেউ যদি বেশি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তথ্য উপদেষ্টা। খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা ও কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রয় নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে সকল জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে তদারকি চলমান রয়েছে। ইতিপূর্বে অনেককে জরিমানাও করা হয়েছিল। এই তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, অসহায়-দরিদ্রদের জন্য বর্তমানে ভিজিএফ কার্ডের আওতায় বর্তমানে মাসে ১০ কেজি চাল দেওয়া হয়। সরকার সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে এ কার্ডের আওতা সম্প্রসারণ ও পরিমাণ বাড়িয়ে ২০ কেজি করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ক্ষুধা ও দারিদ্র্য হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন করার ক্ষেত্রে দলটির অপরাধের স্বীকৃতি ও অনুতাপ থাকা জরুরি। তিনি বলেছেন, অপরাধের স্বীকৃতি ও অনুতাপের পরও রিকনসিলিয়েশনের প্রশ্ন থাকতে পারে। তবে অপরাধ স্বীকার করলেই ফৌজদারি অপরাধের দায় শেষ হয়ে যায় না উল্লেখ করে তিনি বলেন, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হয়। কিন্ত দলটির প্রধান নেত্রী এখনও ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। তিনি বলেন, এমন প্রেক্ষাপটে রিকনসিলিয়েশনের আলাপটা সরকারের দিক থেকে এন্টারটেইন করা কঠিন। রিকনসিলিয়েশন তো তাদের চাইতে হবে বলে মন্তব্য করেন ডা: জাহেদ উর রহমান।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ