ATN
শিরোনাম
  •  

সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৬

         
সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৬

সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) এবং মো. অন্তর (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল নৈশকালীন টহলে ছিল। এ সময় খবর আসে, মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় ৯ থেকে ১০ জনের একটি দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ছয়জনকে আটক করা হয়। এ সময় কৌশলে আরও তিন থেকে চারজন পালিয়ে যায়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেহ ও তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি তালা কাটার যন্ত্র, দুটি রামদা, একটি ছুরি, একটি দা, চারটি লোহার রড, সেলাই রেঞ্জ ও প্লাস জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক জানিয়েছেন, এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ