ATN
শিরোনাম
  •  

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে ফের বিমান হামলা, নিহত ৮

         
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে ফের বিমান হামলা, নিহত ৮

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে ফের বিমান হামলা, নিহত ৮

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে দেশটির সশস্ত্র বাহিনীর টানা দুই দিনের সামরিক বিমান হামলায় শিশু ও নারীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং একটি যুব অধিকার সংস্থার বরাত দিয়ে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৫টার দিকে পন্নাগুন শহরের একটি বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত হন আরও ১১ জন।

এর পরদিন সোমবার সকালে শহরটির আরেকটি বাস্তুচ্যুতদের শিবিরে দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। এতে আরও দুজন নিহত এবং দুজন আহত হন বলে জানিয়েছে স্থানীয় সংগঠনগুলো।

পন্নাগুন ইয়ুথ অ্যাসোসিয়েশনের মুখপাত্র কিয়াউ উইন তুন বলেন, হামলার শিকার দুটি শিবিরের বাসিন্দাদের প্রায় সবাই যুদ্ধের কারণে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হওয়া সাধারণ মানুষ।

হামলার বিষয়ে মিয়ানমার সরকারের কোনো মুখপাত্রের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতের সামরিক হামলার ঘটনায় জান্তা সরকার দাবি করে আসছে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় রেখেই সামরিক বাহিনী অভিযান পরিচালনা করে এবং সর্বোচ্চ সংযম দেখায়।

বাংলাদেশের সীমান্তঘেঁষা রাখাইন রাজ্য বর্তমানে মিয়ানমারের গৃহযুদ্ধের অন্যতম প্রধান সংঘাতপূর্ণ অঞ্চল। রাজ্যটির উত্তর ও পশ্চিম উপকূলীয় বিস্তীর্ণ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকা পুনর্দখলে মিয়ানমারের সামরিক বাহিনী নিয়মিত বিমান হামলা ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের পর দেশটিতে সশস্ত্র সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দীর্ঘ এই সংঘাতে এ পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ নিহত হয়েছেন এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এর মাত্র এক সপ্তাহ আগে রাখাইনের কিয়াকতাউ এলাকায় একটি ব্যস্ত বাজারের কাছে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত এবং অন্তত ৫৮ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

সূত্র: রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ