ATN
শিরোনাম
  •  

এআই দিয়ে নারীর আপত্তিকর কনটেন্ট তৈরি যৌন নিপীড়নেরই রূপ: জাহ্নবী কাপুর

         
এআই দিয়ে নারীর আপত্তিকর কনটেন্ট তৈরি যৌন নিপীড়নেরই রূপ: জাহ্নবী কাপুর

এআই দিয়ে নারীর আপত্তিকর কনটেন্ট তৈরি যৌন নিপীড়নেরই রূপ: জাহ্নবী কাপুর

তেলুগু ইন্ডাস্ট্রিতে জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা’ সিনেমায় অভিনয় করেছিলেন জাহ্নবী কাপুর। সিনেমার ‘চুট্টামাল্লে’ গানটি পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। কিন্তু সম্প্রতি এই গানেরই এআই নির্মিত ‘অশালীন’ ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

বিষয়টি নিয়ে কদিন ধরে চর্চা হচ্ছে সামাজিক মাধ্যমে। এনটিআর ও চিরঞ্জীবীর মতো তারকারা এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এবার মুখ খুললেন খোদ জাহ্নবী। তার মতে, এটা যৌন নিপীড়নেরই আরেক রূপ।

ইনস্টাগ্রামে দেওয়া এক লিখিত বার্তায় জাহ্নবী বলেন, ‘প্রযুক্তির অপরাধমূলক অপব্যবহার করে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা, সম্মতি ছাড়া বিকৃত কনটেন্ট ছড়িয়ে দেওয়া—এসব যৌন নিপীড়নেরই আরেক রূপ। আমাদের ইন্ডাস্ট্রির প্রায় প্রতিটি নারীই এরকম কোনো না কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। আর সবখানেই নারীরা এমন আচরণের শিকার হচ্ছেন।’

নারীর সম্মতি, ব্যক্তিগত সীমারেখা ও মর্যাদার গুরুত্ব তুলে ধরে অভিনেত্রী বলেন, একজন নারীর শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্তই তার নিজের। কোনো নারী কোনো বিষয়ে একাধিকবার সম্মতি দিলেও পরবর্তী সময়ে তার ‘না’কে সম্মান করতে হবে।

জাহ্নবী আরও বলেন, একজন নারী ছোট পোশাক পরেছেন বলেই তার শরীরের ব্যক্তিগত অংশ ধারণ করার বা তাকে অসম্মানজনকভাবে উপস্থাপনের অনুমতি কেউ পেয়ে যান না। একজন নারী কোন বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করবেন, কোথায় নিজের সীমারেখা নির্ধারণ করবেন এবং নিজের শরীর নিয়ে কী সিদ্ধান্ত নেবেন—এসব সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকার।

জাহ্নবী বলেন, “নারীদের প্রতি হুমকি এখন ডিজিটাল জগতেও ছড়িয়ে পড়েছে। অথচ আমরা এখনও সেই বাস্তব, শারীরিক ভয়টিকেই যথেষ্টভাবে মোকাবিলা করতে পারিনি, যে ভয় প্রতিদিন নারীদের জীবনকে ব্যাহত করে চলেছে। এর উত্তর শুধু ‘তোমার মেয়েকে সুরক্ষিত রাখো’—এমন হতে পারে না। একই সঙ্গে আমাদের সেই মানসিকতার বিরুদ্ধেও কাজ করতে হবে, যেটার কারণে মানুষ বিশ্বাস করে, অন্যের সীমারেখা লঙ্ঘন করার অধিকার তাদের রয়েছে। আর এই পরিবর্তনের একটি অংশ আসবে এমন আদর্শ পুরুষদের কাছ থেকে, যাদের নৈতিক বোধ ও দৃঢ়তা আছে—যারা স্পষ্টভাবে বলতে পারেন, কোনটি সঠিক এবং কোনটি ভুল।”

আপত্তিকর ভিডিও প্রসঙ্গে জাহ্নবীর পাশে দাঁড়ানো এবং প্রতিবাদ করায় এনটিআর ও চিরঞ্জীবীকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

সবশেষে জাহ্নবী প্রশ্ন রেখে বলেন, ‘একজন নারী কি সত্যিই এতটুকুও চাইতে পারেন না, যে তাকে একজন মানুষ হিসেবে সম্মানের সঙ্গে দেখা ও বিবেচনা করা হোক? শরীরটা যখন নারীর, তখন তার ছবি, সীমারেখা এবং সিদ্ধান্ত সবই তার নিজের।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ