ATN
শিরোনাম
  •  

তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল, রাজ্যসভায় ফেরার পথে অভিনেত্রী

         
তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল, রাজ্যসভায় ফেরার পথে অভিনেত্রী

তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল, রাজ্যসভায় ফেরার পথে অভিনেত্রী

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি যোগ দিলেন বিজেপিতে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদির দলের হয়ে তিনি সামনে রাজ্যসভা নির্বাচনেও অংশ নেবেন।

এ খবর রবিবারই (৪ অক্টোবর) জানা গেছে। প্রকাশ্যে আসার পর থেকে তীব্র সমালোচনার শিকারও হচ্ছেন অভিনেত্রী। আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন কোয়েল। সেখানে বিজেপিতে যোগদান এবং নেটিজেনদের সমালোচনা নিয়ে নানা কথা বলেছেন তিনি। আগামী ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গের ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজেপিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোয়েল বলেন, সংসদের উচ্চকক্ষের সদস্য হওয়ার সুযোগকে তিনি বড় দায়িত্ব হিসেবে দেখছেন। মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়াই তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলে জানান অভিনেত্রী।

তিনি বলেন, মানুষের সেবা করার সুযোগ সবসময়ই ছিল। তবে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে কাজের পরিধি আরও বাড়ানো সম্ভব। সেই সুযোগ পেয়ে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোয়েল। তাঁর দাবি, গত কয়েক মাসে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে, তা তাঁকে উৎসাহিত করেছে।

কোয়েল আরও বলেন, পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। শিক্ষাজীবন শেষ করে রাজ্যের বহু তরুণ-তরুণী কাজের সন্ধানে অন্যত্র চলে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। বাংলায় আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে তাঁদের অনেকেই ফিরে আসতে পারবেন বলে মনে করেন অভিনেত্রী।

তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কোয়েলের এই দলবদলকে সমালোচনা করেছেন। অন্যদিকে কোয়েল জানিয়েছেন, সমালোচকদের প্রতি তাঁর কোনো রাগ নেই।

নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যারা তাঁকে অপমান করছেন, তাদের প্রতি তিনি ক্ষুব্ধ নন। বরং তাঁদের মানসিক শান্তি কামনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টক্সিসিটি’ বাড়ার পেছনে মানুষের কর্মসংস্থানের অভাবও ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

তৃণমূলের রাজ্যসভা সদস্য ছিলেন কোয়েল। কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর পদত্যাগ করেন অভিনেত্রী। এবার তো দলই পাল্টে নিলেন। এ নিয়ে সমালোচনা হচ্ছে দেদার। সে বিষয়ে কোয়েল বলেন, ‘আমার তাদের প্রতি কোনো রাগ নেই। হয়তো আমি সাইকোলজিতে পড়েছি বলে এই ধৈর্যের মানসিকতা আমার রয়েছে। তারা অন্যকে অপমান করে যে আরাম পেয়েছে, সেটা তাদের ক্ষোভ থেকে। তারা যদি আনন্দে বা সুখে থাকত, তাহলে অন্যকে অপমান করে, টক্সিসিটি ছড়িয়ে আনন্দ পেতো না। তাদের মানসিক সুস্থতা কামনা করি।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ