ATN
শিরোনাম
  •  

প্রীতম-শেহতাজের প্রেমের শুরু যেভাবে, এক দশক পর এসে যে গল্পের ইতি

         
প্রীতম-শেহতাজের প্রেমের শুরু যেভাবে, এক দশক পর এসে যে গল্পের ইতি

প্রীতম-শেহতাজের প্রেমের শুরু যেভাবে, এক দশক পর এসে যে গল্পের ইতি

তারকা জুটি প্রীতম হাসান আর শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর এখন টক অব দ্য টাউন। আর তা হবেই না বা কেন! ১০ বছরের এক লম্বা সময়ের সম্পর্ক, চার বছরের সংসার এখন ভেঙে চুরমার! তাদের ভক্তদের কানে এ খবর পৌঁছতেই বিষয়টি মেনে নিতে নারাজ। তাদের খুনসুটি, সুন্দর আবেগঘন মুহূর্তগুলো স্মরণ করছেন তার অনুরাগীরা। প্রশ্ন, এমন সুন্দর তারকা জুটিরও বিচ্ছেদ হতে পারে?

রোববার (৪ অক্টোবর) রাতে এক যৌথ বিবৃতিতে নিজেদের বিচ্ছেদের খবর জানান প্রীতম-শেহতাজ। সঙ্গে সঙ্গেই উত্তাল নেটদুনিয়া। তাদের মিষ্টি মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করে স্মৃতিচারণ করছেন অনেকে। তবে এই তারকাজুটির দুজনের কারও প্রোফাইলেই এখন আর তাদের যুগলবন্দি মুহূর্তের দেখা মিলছে না। যেন একে অপরকে চিরতরেই মুছে ফেলেছেন তারা!

তবে বিচ্ছেদের খবরের মধ্যেই আলোচনায় এসেছে তাদের প্রেমের শুরুর গল্প। কয়েক বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক কীভাবে শুরু হয়েছিল, সে বিষয়ে খোলামেলা কথা বলেছিলেন প্রীতম ও শেহতাজ।

২০১৭ সালে প্রকাশিত হয় প্রীতম হাসানের গান ‘জাদুকর’। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। সেই কাজের সূত্র ধরেই দুজনের পরিচয় এবং পরবর্তীতে ঘনিষ্ঠতা তৈরি হয়। যদিও শুরুতে বিষয়টি অনেকটাই গোপন রেখেছিলেন তারা।

সেই সময় শেহতাজের সরল-সোজা স্বভাবই প্রীতমকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল। সাক্ষাৎকারে শেহতাজের সামনেই প্রীতম জানিয়েছিলেন, ‘জাদুকর’-এর শুটিংয়ের সময়ই তিনি বুঝতে পারেন, শেহতাজ অন্যরকম একজন মানুষ।

প্রীতমের ভাষায়, শেহতাজ ছিলেন অত্যন্ত সরল ও সোজাসাপ্টা। তার মতে, শেহতাজের মতো একজন মানুষ পাওয়া কঠিন।

এরপর প্রীতম বলেছিলেন, 'আমি সরাসরি তখন ওকে বললাম (প্রেমের প্রস্তাব), তারপর ওর মাকেও বললাম। পরে তারা আমাকে গ্রহণ করলেন।'

এ সময় শেহতাজ বলেন, 'ও অ্যাকচুয়ালি আমাকে কখনো (ভালোবাসার কথা) বলেনি। মানে যে টিপিক্যাল ওয়েতে, নাটক-সিনেমায় যেরকম দেখায়, ওরকমভাবে বলেনি। ও সরাসরি বলেছিল, আমাকে বিয়ে করতে চায়, এবং এরপর আমার মায়ের কাছে গিয়েও ব্যাপারটা জানায়। কারণ আমার জন্য রিলেশনশিপ অতটা সহজ ছিল না।'

এরপর ক্রমশ তাদের ঘনিষ্ঠতা বাড়ে, দুজনের বন্ধন গড়ে ওঠে বলে জানান প্রীতম-শেহতাজ।

প্রায় ৫ বছর প্রেম করার পর ২০২২ সালের অক্টোবরে দুই পরিবারের সম্মতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। সব মিলিয়ে দশ বছরের এই সম্পর্ক এবার ভেঙেই গেল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ