ATN
শিরোনাম
  •  

রামপুরায় পিচ্চি আল-আমিনসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

         
রামপুরায় পিচ্চি আল-আমিনসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

রামপুরায় পিচ্চি আল-আমিনসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

রাজধানীর রামপুরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. আল-আমিন ওরফে ‘পিচ্চি আল-আমিন’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, ১৪ রাউন্ড গুলি ও দুটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

এ ছাড়া ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন লাবনী পয়েন্ট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২১৬টি অবৈধ সুইচ গিয়ার চাকুসহ এস এম রবীন নামে একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি।

আজ রোববার কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বাহিনীর পরিচালক, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং।

এসআরবি জানায়, গত ১ অক্টোবর দুপুর সাড়ে ১টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিন ওরফে ওমর ফারুক এবং তার দুই সহযোগী কামাল উদ্দিন ও খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পিচ্চি আল-আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টার দিকে রামপুরার কুঞ্জবন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে তার আরও দুই সহযোগী মো. সোহাগ হাওলাদার ওরফে মামুন এবং মো. রিফাত ইসলামকে দুটি দেশীয় অস্ত্র (লোহার তৈরি ছুরি)সহ গ্রেপ্তার করা হয়।

এসআরবি আরও জানায়, পিচ্চি আল-আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার ঘনিষ্ঠ সহযোগী মো. কাওছার খানের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার তথ্য পাওয়া যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় কাওছারের অবস্থান শনাক্ত করে গত ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপুরার কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কাওছারের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানাধীন ভূঁইয়াপাড়া এলাকায় জনৈক শফিকের টিনশেড ঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসআরবির তথ্যমতে, গ্রেপ্তার পিচ্চি আল-আমিন গত ১২ জুন রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকায় সংঘটিত সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল ও গুলশান থানায় বিস্ফোরকদ্রব্য আইন, হত্যা ও অস্ত্র মামলাসহ মোট ২৭টি মামলা রয়েছে।

গত ৩ অক্টোবর রাতে এসআরবি-২-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন লাবনী পয়েন্ট এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা মোট ২১৬টি অবৈধ সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া চাকুগুলোর মধ্যে ঈগল মডেলের ১৮০টি, চিতা মডেলের ২০টি, মাছরাঙা মডেলের ১২টি এবং কমবোর্ড মডেলের চারটি রয়েছে। এ ঘটনায় এসব অবৈধ চাকুর মজুতদার ও সরবরাহকারী এস এম রবীনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানিয়েছে, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। চাঁদাবাজ, ছিনতাইকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ