ATN
শিরোনাম
  •  

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

         
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

শরীয়তপুরের ডামুড্যায় খেলতে গিয়ে নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন (৪) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল শিকদার (২২) নামে একজনকে আটক করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাশন গ্রামের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোয়াইফ হোসেন পশ্চিম আদাশন গ্রামের সেলিম সরদার ও শিমুলি দম্পতির সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয় সোয়াইফ। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন।

তল্লাশির একপর্যায়ে স্থানীয় একটি বসতঘরের পেছনের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় সোয়াইফের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন একটি পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় আবু আলম শিকদারের ছেলে রাসেল শিকদারকে আটক করে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী আবু আলম শিকদারের পরিবারের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের ঝগড়া হয়। ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে শিশুটিকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

নিহতের বাবা সেলিম সরদার বলেন, শুক্রবার সন্ধ্যায় তার মায়ের সঙ্গে আলী আকবরের ঝগড়া হয়। রাতে তার মা বিষয়টি তাকে জানান। শনিবার সকালে বাজার থেকে বাড়ি ফিরে তিনি সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি চালিয়ে আলী আকবরের বাড়ির পেছনের ডোবা থেকে তার ছেলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেন বলে জানান তিনি।

তবে শিশুটিকে হত্যার অভিযোগের বিষয়ে আবু আলম শিকদারের পরিবারের কোনো সদস্য বাড়িতে না থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শিধলকুড়া ইউনিয়নের আদাশন গ্রাম থেকে এক শিশুর বস্তাবন্দি গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ