ATN
শিরোনাম
  •  

ইলন মাস্ক ও শিভন জিলিসের সম্পর্কে ইতি, বন্ধুত্ব ও সহ-অভিভাবকত্ব বজায় রাখার আশা

         
ইলন মাস্ক ও শিভন জিলিসের সম্পর্কে ইতি, বন্ধুত্ব ও সহ-অভিভাবকত্ব বজায় রাখার আশা

ইলন মাস্ক ও শিভন জিলিসের সম্পর্কে ইতি, বন্ধুত্ব ও সহ-অভিভাবকত্ব বজায় রাখার আশা

ইলন মাস্কের সঙ্গে শিভন জিলিসের সম্পর্ক ভেঙেছে। দীর্ঘদিনের সঙ্গী ও ঘনিষ্ঠ সহযোগীকে হঠাৎ ছেড়ে দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এই ব্যবসায়ী।

টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কের সঙ্গে শিভন জিলিসের পরিচয় হয়েছিল কাজের সূত্রে। মাস্কের কয়েকটি প্রতিষ্ঠানে তিনি নির্বাহী ও পরামর্শক হিসেবে কাজ করতেন। সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা একসঙ্গে বসবাস শুরু করেন এবং চার সন্তানের বাবা-মা হন।

সম্পর্কের সমাপ্তি নিয়ে জিলিস জানিয়েছেন, বিষয়টি খুব দ্রুতই ঘটেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে তাঁদের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থেকে বিচ্ছেদে পৌঁছায়। তবে এই পরিবর্তনের মধ্যেও মাস্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশা করছেন তিনি।

সন্তানদের ভবিষ্যতের বিষয়টিও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। জিলিসের প্রত্যাশা, বিচ্ছেদের পরও তাঁরা ভালো বন্ধু হিসেবে থাকবেন এবং সন্তানদের লালন-পালনে যৌথভাবে দায়িত্ব পালন করবেন।

সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসার পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন কর্মকাণ্ডেও ব্যস্ত সময় পার করেছেন মাস্ক। বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে তাঁর পাশে জিলিসকে দেখা গেছে। মাস্ককে ঘিরে আইনি জটিলতার সময়ও তিনি তাঁর পাশে ছিলেন। গত মে মাসে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতাদের করা একটি মামলার শুনানিতে জিলিস সাক্ষ্য দেন।

মাস্কের ব্যক্তিগত জীবনও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। বিভিন্ন নারীর সঙ্গে তাঁর সম্পর্ক এবং একাধিক সন্তানের বাবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। সন্তানদের অভিভাবকত্ব নিয়েও অতীতে তাঁকে আইনি বিরোধে জড়াতে হয়েছে।

আদালতে দেওয়া বক্তব্যে জিলিস জানিয়েছিলেন, ২০২০ সালে মাস্ক আইভিএফের মাধ্যমে সন্তান নেওয়ার জন্য নিজের শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এর প্রায় এক বছর পর তাঁদের যমজ সন্তানের জন্ম হয়। ২০২২ সালে বিজনেস ইনসাইডার প্রথম তাঁদের যমজ সন্তানের বিষয়টি প্রকাশ করে।

বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জিলিস তাঁদের সম্পর্কের ইতিবাচক দিকের কথাও তুলে ধরেন। তিনি জানান, অনেক কিছু হারানোর কষ্ট থাকলেও তাঁদের ভালোবাসার সম্পর্কের মধ্য দিয়ে চারটি সন্তান পৃথিবীতে এসেছে—যা তাঁর কাছে সৌভাগ্যের বিষয়।

মাস্ক ও জিলিসের সম্পর্কের সমাপ্তি ব্যক্তিগত জীবনে একটি বড় পরিবর্তন হলেও সন্তানদের কেন্দ্র করে তাঁদের যোগাযোগ ও যৌথ দায়িত্ব অব্যাহত থাকবে বলেই ইঙ্গিত দিয়েছেন জিলিস।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ