ATN
শিরোনাম
  •  

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ: জামালপুরে একই পরিবারের চারজনসহ ৭ জনের দাফন

         
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ: জামালপুরে একই পরিবারের চারজনসহ ৭ জনের দাফন

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ: জামালপুরে একই পরিবারের চারজনসহ ৭ জনের দাফন

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত সাতজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে জানাজা শেষে তাদের পারিবারিক ও সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গভীর রাতে নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতদের মধ্যে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু (৫০) ও তার মা রাশিদা বেগমের (৭০) জানাজা শনিবার সকালে অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে মোফাজ্জল হোসেনের অন্তঃসত্ত্বা মেয়ে মর্জিনা বেগম (২৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে মিনানের জানাজা অনুষ্ঠিত হয়।

সিএনজি অটোরিকশার চালক সুজন আলীর (৪৪) মরদেহ শুক্রবার রাতে গোবিন্দবাড়ি গ্রামে নেওয়া হয়। পরে রাতেই তার জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অন্যদিকে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে নিহত আক্রাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগমের (৩৯) জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানান, স্বজনদের পাশাপাশি জানাজা ও দাফনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রী মোফাজ্জল হোসেন লেবু। জামালপুর থেকে ময়মনসিংহ পযন্ত সিএনজিতে ও পরে সেখান থেকে বাসে করে গাজীপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন ও সিএনজি চালকসহ মোট সাতজন নিহত হন। পরে ঘাতক বাসটির চালক বাসটিকে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে গতকাল গভীর রাতে মৃতদেহগুলো জামালপুরে আনা হয়। এই দুর্ঘটনার পর থেকে ঢাকা-জামালপুর রুটে রাজীব পরিবহনের সব বাসচলাচল বন্ধ রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ