ATN
শিরোনাম
  •  

হুথিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

         
হুথিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

হুথিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করবে সৌদি আরব। আর এই হামলার পরিকল্পনা নিয়ে এখন কাজ করছে রিয়াদ।

মধ্যপ্রাচ্যের একাধিক সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, নতুন অভিযানটি কয়েক সপ্তাহের মধ্যে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এর লক্ষ্য থাকবে হুথিদের লোহিত সাগরের উপকূলীয় এলাকাগুলো থেকে সরিয়ে দেওয়া। এর পাশাপাশি সব ফ্রন্টে একসঙ্গে হামলাও চালানো হতে পারে।

আর এই হামলার নেতৃত্ব দেবে ইয়েমেনের স্থল বাহিনী। যাদের পরিচালনা করে সৌদি আরব। অপরদিকে বিমান হামলা চালাবে সৌদি বাহিনী।

আঞ্চলিক সূত্রগুলো বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সৌদিকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। এছাড়া কিছু আরব ও ইউরোপীয় দেশও রক্ষণাত্মক সামরিক সহায়তা দিচ্ছে সৌদিকে।

হুথিদের বিরুদ্ধে এ হামলায় সৌদির কোনো মিত্র সরাসরি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে সূত্রটি।

ইয়েমেনে ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনের মধ্যে হুথিরা রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয়। এর পরই দেশটিতে গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করে।

২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে সংঘাতে সরাসরি যুক্ত হয় সৌদি আরব। হুথিদের অবস্থান লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে বিমান হামলা চালালেও তাদের পুরোপুরি পরাস্ত করা সম্ভব হয়নি।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় থাকার পর সাম্প্রতিক সময়ে আবারও উত্তেজনা বাড়তে শুরু করেছে। লোহিত সাগর ঘিরে নতুন উত্তেজনা

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই মাস আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি বাহিনীর হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই সময় ইরান থেকে ফিরে আসা হুথি নেতাদের বহনকারী একটি বিমান বিমানবন্দরে অবতরণ করছিল বলে সূত্রগুলো জানিয়েছে।

এর পর হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় এবং সৌদি আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানায়। অবরোধ প্রত্যাহার না হলে লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকিও দেয় তারা।

অবরোধ না তুললে লোহিত সাগর ও বাব এল মান্দেব দিয়ে সৌদির কোনো জাহাজ চলতে দেওয়া হবে না জানিয়ে হুথিরা সৌদির জাহাজে হামলা চালায়।

এরমধ্যে হুথিরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখল করে নেয়।

সূত্রগুলো জানিয়েছে, হুথিরা লোহিত সাগরের যেসব অঞ্চল কিছুদিন আগে তড়িৎ অভিযান চালিয়ে দখল করেছে, সৌদির নতুন হামলার লক্ষ্য থাকবে হুথি যোদ্ধাদের সেখান থেকে হটিয়ে দেওয়া।

সূত্র: রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ