ATN
শিরোনাম
  •  

বিমানবন্দরে তর্ক-বিতর্ক, জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

         
বিমানবন্দরে তর্ক-বিতর্ক, জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে তর্ক-বিতর্ক, জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। মামলা হওয়ার পর তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, ব্যাপক যাত্রী চাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটের লাগেজ পেতে দেরি হয়। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকিও দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে। একই সময় বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করার অভিযোগ রয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করেন। এ সময় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দিলে আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণেরও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ