ATN
শিরোনাম
  •  

রাজনৈতিক সহনশীলতা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান

         
রাজনৈতিক সহনশীলতা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান

রাজনৈতিক সহনশীলতা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান

সংঘাত ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে দেশে রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশ যথাযথভাবে আগাতে পারে না।

আজ বৃহস্পতিবার বঙ্গভবনে এম. বি. এ. অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা এবং মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রাজনৈতিক সমঝোতার গুরুত্ব তুলে ধরে তিনি দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক পরিবর্তনে নেলসন ম্যান্ডেলার ভূমিকার উদাহরণ দেন। রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের সংঘাত ও রক্তপাতের পর রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছিল। রাজনৈতিক দূরদর্শিতা, সহনশীলতা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় ম্যাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংগঠনটি দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি বলেন, পেশাজীবী সংগঠনগুলো জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মতামত ও গঠনমূলক পরামর্শ দেওয়ার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। ম্যাবের দক্ষ ও অভিজ্ঞ সদস্যদের যোগ্যতা অনুযায়ী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, ম্যাব গবেষণামূলক তথ্যের মাধ্যমে জনগণকে সচেতন করা এবং গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাক্ষাৎকালে ম্যাবের প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। তারা রাষ্ট্রপতির দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রপতির অতীত সহযোগিতা ও উৎসাহের কথা তুলে ধরে ভবিষ্যতেও তাঁর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি প্রতিনিধি দলকে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে ম্যাবের সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব ড. মো. সামসুজ্জামান, সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন, ফরিদা আহমেদ নিকু, যুগ্ম মহাসচিব মো. শহিদুর রহমান, আদনান সাবির, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান সরকার, কোষাধ্যক্ষ এস এম সুলতান কবির এবং গবেষণা সম্পাদক ড. মনিরুল হাসান মাসুম উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিবও এ সময় উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ