ATN
শিরোনাম
  •  

আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি: তারেক রহমান

         
আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি: তারেক রহমান

আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে। বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে যে আইন সবার জন্য সমান।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা অনেক বছর ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। স্বৈরাচার গত ১৭ বছর ধরে দেশের মানুষের টুঁটি চেপে ধরে রেখেছিল। দেশের মানুষের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিল। মানুষকে তারা কথা বলতে দেয়নি। মানুষের কষ্ট-দুর্দশা তারা দূর করেনি। দুঃখ-দুর্দশার কথাও তারা শুনতে চায়নি সেদিন।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব পাওয়ার পর বিএনপি নিশ্চিত করতে চায়, দেশে আইন সবার জন্য সমান হবে এবং ধীরে ধীরে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে আইনের শাসন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা দেশের মানুষ দেখেছে। সেই পরিস্থিতির পরিবর্তন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং বন্ধ মিল-কারখানা চালুর মতো সরকারি উদ্যোগ বাধাগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ।

বক্তব্যে নির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করে ‘রাজনৈতিক দল’ ও ‘গুপ্তদল’ শব্দ ব্যবহার করেন তারেক রহমান। তিনি ওই রাজনৈতিক শক্তির ১৯৭১ সালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং নারী নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে কথা বলেন।

তবে একটি ঘটনা তদন্তাধীন থাকায় এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চান না বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষ হওয়ার আগে মন্তব্য করা সমীচীন নয়।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মিডিয়াতে দেখলাম, সেই গুপ্তদলের নেতারা খুব নসিহত করছে আমাদের—আপনারা এটা করেন, আপনারা ওটা করেন। আজকে এখানে হাজারো লক্ষ মানুষের সামনে আমি তাদের উদ্দেশে বলতে চাই, দয়া করে নিজের ঘরের দিকে আগে তাকান। নিজের ঘরের লোকেরা কীভাবে নারী নির্যাতন করছে, সেটি আগে সামাল দেন, তারপর অন্যকে কিছু বলতে আসেন।

এর আগে কর্মসূচির শুরুতে ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরশুরামে এই কর্মসূচির পর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ