ATN
শিরোনাম
  •  

অক্টোবরে মৌসুমি বায়ুর বিদায়, মাসের শেষে বাড়তে পারে বৃষ্টি

         
অক্টোবরে মৌসুমি বায়ুর বিদায়, মাসের শেষে বাড়তে পারে বৃষ্টি

অক্টোবরে মৌসুমি বায়ুর বিদায়, মাসের শেষে বাড়তে পারে বৃষ্টি

সারা বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আজ ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পুরো মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার সার্বিক পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি অক্টোবর মাসজুড়েই দেশের আবহাওয়ায় নানা বৈচিত্র্য ও রূপবদল দেখতে পাওয়া যাবে। মাসের প্রথমার্ধে তীব্র ভ্যাপসা গরম ও দেশের বিভিন্ন অংশে ক্ষণস্থায়ী বৃষ্টির আনাগোনা থাকলেও মধ্য অক্টোবরের মধ্যেই দেশ থেকে বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে বিদায়বেলার স্বস্তির পর মাসের শেষভাগে সাগরে তৈরি হতে পারে নতুন লঘুচাপ, যার প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি ও সমুদ্র উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এসব তথ্য জানায়।

বিডব্লিউওটি'র পূর্বাভাস অনুযায়ী, মাসের প্রথম ১০ দিন অর্থাৎ পহেলা অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশের অধিকাংশ এলাকার আকাশ দিনে গড়ে আংশিক মেঘলা থাকতে পারে। কিছু স্থানে আকাশ সাময়িক মেঘলা থাকার পাশাপাশি প্রথম দুই দিন চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ বিরাজ করবে। পুরো ১০ দিনজুড়েই আকাশে রোদ ও মেঘের আনাগোনা দেখা যাবে। এসময় চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে স্বল্পস্থায়ী খণ্ডকালীন বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।

এদিকে রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিক খরা পরিস্থিতি বিরাজ করতে পারে। রাজশাহী ও সিলেটের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহও হতে পারে। মধ্য ও উত্তরাঞ্চলের নদী অববাহিকায় ভোরের দিকে স্বাভাবিক কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্য অক্টোবরেই বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

১১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের আবহাওয়া তুলনামূলক পরিষ্কার ও স্থিতিশীল থাকতে পারে। খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কিছুটা মেঘের আধিক্য থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে, যার প্রবণতা চট্টগ্রাম অঞ্চলে বেশি থাকতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস বলছে, ১৪ অক্টোবরের মধ্যে দেশের ওপর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে। এরপর টানা বৃষ্টির সম্ভাবনা কম। তবে ১৯ ও ২০ অক্টোবরের দিকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে।

এ সময়ে দিনে গড়ে ৬ থেকে ৯ ঘণ্টা রোদ থাকতে পারে। পাশাপাশি ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি দুর্বল লঘুচাপ বা নিম্নচাপজাতীয় সিস্টেম তৈরির সামান্য সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ১৭ অক্টোবরের পর গভীর সমুদ্র কিছুটা উত্তাল হতে পারে।

এছাড়া মাসের শেষ ১০ দিন অর্থাৎ ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের প্রথমার্ধে আবহাওয়া রূপ পরিবর্তন করতে পারে। ২১ থেকে ২৫ অক্টোবরের মধ্যে দক্ষিণ ও মধ্য অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ ও তুলনামূলক বেশি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এসময় একটি বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে এবং আকাশে রোদের পরিমাণ কমে দিনে ৪ থেকে ৮ ঘণ্টায় নেমে আসতে পারে। গভীর সমুদ্রও এই পাঁচ দিন উত্তাল থাকতে পারে এবং পাহাড়ি এলাকায় সামান্য পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তবে ২৫ অক্টোবরের পর থেকে সারা দেশের আকাশ পুনরায় পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। শেষভাগে ভ্যাপসা গরম কিংবা তাপপ্রবাহের কোনো প্রভাব থাকবে না, তবে রংপুর ও রাজশাহী বিভাগে স্বাভাবিক খরা বজায় থাকতে পারে। নদী অববাহিকায় ভোরের কুয়াশার দাপট অব্যাহত থাকবে।

সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, অক্টোবর মাসের শেষভাগের বৃষ্টিপাত, সমুদ্রের পরিস্থিতি, রোদ ও পাহাড়ধস সংক্রান্ত পূর্বাভাসগুলো সম্পূর্ণভাবে সাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য সিস্টেম এবং এর গতিপথের ওপর নির্ভর করছে। সাগরে লঘুচাপ বা নিম্নচাপ তৈরির সময় ও গতিপথ পরিবর্তিত হলে পূর্বাভাসের এই অংশটিতে পরিবর্তন আসতে পারে। আবহাওয়া যেহেতু প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই দীর্ঘমেয়াদি এই পূর্বাভাসের সঙ্গে সঙ্গে হালনাগাদ তথ্যের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। সমগ্র অক্টোবর মাসে দেশে কোনো বন্যা, গ্রহণ কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা নেই বলেও নিশ্চিত করেছে ওয়েদার অবজারভেশন টিম।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট পরিবেশ ও জলবায়ু সংবাদ


অন্যান্য সংবাদ