ATN
শিরোনাম
  •  

নিজ যোগ্যতার ভিত্তিতেই জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

         
নিজ যোগ্যতার ভিত্তিতেই জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

নিজ যোগ্যতার ভিত্তিতেই জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগ পাওয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

আজ বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশে ছড়ানো নানা রকম গুজবের সমালোচনা করে মাহদী আমিন বলেন, জাতিসংঘের এই দায়িত্বশীল পদের জন্য সব প্রফেশনাল শর্ত পূরণ করে নিজ যোগ্যতায় জাইমা রহমান সেখানে নিয়োগ পেয়েছেন। বরং এ কারণে তাকে সাধুবাদ জানানো উচিত।

তিনি বলেন, “তিনি (জাইমা রহমান) নিজের যোগ্যতার ভিত্তিতে পি-৩ পজিশনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এই পদে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হয় এবং তার প্রোফাইলের সঙ্গে সেটি মিলে যায়। সুতরাং আমার মনে হয়, নিজ যোগ্যতা ও মেধায় একজন মানুষ জাতিসংঘে তার পেশাগত ক্যারিয়ারের জন্য কাজ করছেন—এটি ইতিবাচকভাবে দেখা উচিত।”

জাইমা রহমানের নিয়োগের সঙ্গে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই দাবি করে মাহাদী আমিন বলেন, “এর সঙ্গে সরকারের ন্যূনতম কোথাও কোনো সম্পৃক্ততা নেই।”

দেশে এ নিয়োগ নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের সমালোচনা করে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে আন্তর্জাতিক পর্যায়ে কোনো বাংলাদেশি কাজ করার সুযোগ পেলে সেটিকে ইতিবাচকভাবে দেখা উচিত।

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক কারণে বা পারিবারিক প্রভাব ব্যবহার করে জাতিসংঘে বিভিন্ন সুযোগ তৈরির অভিযোগের যে ধারা ছিল, বর্তমান ঘটনাকে তার সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ