ATN
শিরোনাম
  •  

নোবেলজয়ী ইয়োন ফসের নাটক ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ করলো আইইউবি

         
নোবেলজয়ী ইয়োন ফসের নাটক ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ করলো আইইউবি

নোবেলজয়ী ইয়োন ফসের নাটক ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ করলো আইইউবি

২০২৩ সালে সাহিত্যে নোবেলজয়ী নরওয়েজিয়ান নাট্যকার ইয়োন ফসের নাটক সুসানাহ্ প্রথমবারের মতো বাংলাদেশে মঞ্চস্থ হয়েছে। ৩০ সেপ্টেম্বর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মিলনায়তনে ‘হেনরিক ইবসেন-ইয়োন ফসে ফেস্টিভ্যাল ২০২৬ বাংলাদেশ’-এর অংশ হিসেবে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সুবাহ বিনতে আহসান এবং আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান যৌথভাবে নাটকটি বাংলায় অনুবাদ করেছেন। নির্দেশনা দিয়েছেন অধ্যাপক আহসানুজ্জামান। নাটকটিতে অভিনয় করেছেন আইইউবির শিক্ষার্থীরা। আগামী ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সুসানাহ্ দ্বিতীয়বার মঞ্চস্থ হবে।

ঢাকায় রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় ৩০ সেপ্টেম্বর আইইউবি আয়োজন করে ‘হেনরিক ইবসেন-ইয়োন ফসে ফেস্টিভ্যাল ২০২৬ বাংলাদেশ’। নরওয়ের দুই বিশিষ্ট সাহিত্যিক হেনরিক ইবসেন ও ইয়োন ফসের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আয়োজিত এ উৎসবে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, লেখক, নাট্যকর্মী ও সাহিত্যাঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।

উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফকরুল আলম। ইবসেন ও ফসেকে নিয়ে একটি একাডেমিক প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম।

আইইউবির ইংরেজি অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের অধ্যাপক রাজিয়া সুলতানা খান ও অধ্যাপক সরকার হাসান আল জায়েদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের অধ্যাপক সাবিহা হক আলোচনায় অংশ নেন। আইইউবির স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক বখতিয়ার আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন।

উৎসবের অংশ হিসেবে ‘গণতন্ত্রের বৃহত্তর প্রেক্ষাপটে হেনরিক ইবসেন’ শীর্ষক জাতীয় রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ৩১৬ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ