ATN
শিরোনাম
  •  

গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

         
গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে রোকন আহমেদ জয় (২৬) নামে এক সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকন আহমেদ জয় ওই এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। জীবিকার প্রয়োজনে প্রায় দুই বছর সিঙ্গাপুরে ছিলেন তিনি। প্রায় এক মাস আগে ছুটিতে দেশে আসেন বলে জানান স্বজন ও স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ও স্বজন সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ঘর থেকে ডেকে নিয়ে রোকনের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাকে বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার সকালে বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ