ATN
শিরোনাম
  •  

‘হ্যাপিলি ম্যারিড’ শুভ-পায়েল, সব খোলাসা করবেন ৮ অক্টোবর

         
‘হ্যাপিলি ম্যারিড’ শুভ-পায়েল, সব খোলাসা করবেন ৮ অক্টোবর

‘হ্যাপিলি ম্যারিড’ শুভ-পায়েল, সব খোলাসা করবেন ৮ অক্টোবর

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে ‘হ্যাপিলি ম্যারিড’ শব্দটি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দেওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন, হয়তো গোপনে বিয়ে করেছেন এই দুই তারকা। তবে সেই কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে এবার পর্দায়।

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীনে নির্মিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে। ছবিয়াল সহ-প্রযোজিত এবং চরকি প্রযোজিত এই চরকি অরিজিনাল ফিল্মটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।

মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। দর্শকদের অনেকেই কনটেন্টটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। একই সঙ্গে কেয়া পায়েলের বাস্তব জীবনের বিয়ে নিয়েও প্রশ্ন করছেন অনেকে।

ভক্তদের এমন কৌতূহলকে ইতিবাচকভাবেই দেখছেন কেয়া পায়েল। নিজের বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন ভাগ্যে লেখা থাকবে, তখনই হবে এবং সবাই জানতে পারবেন। তবে আমার কেন যেন মনে হয়, বিয়েটা আমার হুট করেই হয়ে যাবে।’

বর্তমানে ব্যক্তিগত জীবনের চেয়ে কাজেই বেশি মনোযোগ দিতে চান এই অভিনেত্রী। নাটক, এন্ডোর্সমেন্ট ও ফ্যাশন রানওয়ের ব্যস্ততা শেষে অক্টোবরের প্রথম দিকেই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। সব কাজ শেষ করে অক্টোবরের শেষদিকে দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি।

‘হ্যাপিলি ম্যারিড’ কেয়া পায়েলের প্রথম ওয়েব ফিল্ম। কাজটির অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘কাজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। পরিচালক জাহিদ প্রীতম বেশ বিনয়ী এবং পুরো টিমটাই খুব সহযোগিতাপূর্ণ ছিল।’

পাশাপাশি সহশিল্পী আরিফিন শুভর কাজের প্রশংসায় অভিনেত্রী বলেন, ‘একজন নায়কের মধ্যে যেসব গুণাবলি ও ব্যক্তিত্ব থাকা উচিত, তার সবই রয়েছে শুভ ভাইয়ের মধ্যে। তিনি যেমন আন্তরিক ও প্রফেশনাল, তেমনই শুটিং সেটে ভীষণ সহযোগিতাপূর্ণ। শুরুতে কিছুটা চিন্তায় থাকলেও কাজ করতে গিয়ে দারুণ লেগেছে।’

দর্শকদের আহ্বান জানিয়ে কেয়া পায়েল বলেন, ‘৮ অক্টোবর ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পাচ্ছে। প্রথম ওয়েব ফিল্ম আর গল্পটাও চমৎকার সব মিলিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এবার দর্শকরা একদম ভিন্নধর্মী এক পায়েলকে দেখতে পাবেন। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ