ATN
শিরোনাম
  •  

যে ১০টি বিষয় মেনে চললে গাড়ি ভালো থাকবে

         
যে ১০টি বিষয় মেনে চললে গাড়ি ভালো থাকবে

যে ১০টি বিষয় মেনে চললে গাড়ি ভালো থাকবে

সঠিকভাবে গাড়ির যত্ন নিলে যেমন নানা ধরনের যান্ত্রিক সমস্যা এড়ানো যায়, তেমনি দীর্ঘদিন ভালো অবস্থায় ব্যবহার করা সম্ভব হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে যন্ত্রাংশ অকালে নষ্ট হওয়ার ঝুঁকি কমে, কমে ঘনঘন মেরামতের প্রয়োজনও। গাড়ির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিচের পরামর্শগুলো অনুসরণ করা যেতে পারে।

নিয়মিত গাড়ি চালান

প্রতিদিন সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর অভ্যাস করুন। এতে ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ সচল থাকে। ইঞ্জিন চালু করেই হঠাৎ অতিরিক্ত গতি তুলবেন না। এতে ইঞ্জিনের ওপর বাড়তি চাপ পড়ে। পার্কিংয়ে দীর্ঘ সময় ইঞ্জিন চালু রেখে গরম করার অভ্যাস এড়িয়ে চলুন। এটি ইঞ্জিনের জন্য উপকারী নয়, বরং ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত গরম বা শীতের আবহাওয়ায় উচ্চ গতিতে চলার সময় হঠাৎ জোরে এক্সিলারেটর চাপা থেকে বিরত থাকুন।

মানসম্মত ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিন

জ্বালানি নেওয়ার আগে নিশ্চিত হোন, পাম্পে নিয়মিত ফিল্টার পরিবর্তন করা হয় কি না। নিম্নমানের বা অপরিশোধিত জ্বালানি ইঞ্জিন ও ফুয়েল সিস্টেমের ক্ষতি করতে পারে। এছাড়া যদি দেখেন ট্যাংকার থেকে ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড ট্যাংকে জ্বালানি ভরা হচ্ছে, তাহলে ওই সময় জ্বালানি না নেওয়াই ভালো। কারণ, এতে ট্যাংকের তলানির ময়লা ও বালু জ্বালানির সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা থাকে।

চাকা আটকে গেলে জোর করবেন না

কাদা বা বালিতে চাকা আটকে গেলে বারবার সামনে-পেছনে নেওয়া বা অতিরিক্ত গতিতে চাকা ঘোরানো থেকে বিরত থাকুন। এতে ট্রান্সমিশন, ক্লাচসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রয়োজন হলে টো-ট্রাকের সহায়তা নিন।

ছায়াযুক্ত স্থানে গাড়ি পার্ক করুন

গ্যারেজ সবচেয়ে নিরাপদ স্থান। তবে বাইরে পার্ক করতে হলে ছায়াযুক্ত জায়গা বেছে নিন। দীর্ঘ সময় রোদে থাকলে গাড়ির রঙ, ড্যাশবোর্ড ও অভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। ছায়া না থাকলে গাড়ির কাভার ব্যবহার করুন।

উইন্ডশিল্ডের ফাটল দ্রুত মেরামত করুন

উইন্ডশিল্ডে ছোট ফাটল দেখা দিলেই দ্রুত মেরামত করুন। এতে ফাটল বড় হবে না এবং পুরো কাঁচ পরিবর্তনের প্রয়োজনও নাও হতে পারে।

গাড়ির ছাদে অতিরিক্ত ওজন তুলবেন না

ছাদে মালামাল তোলার আগে গাড়ির ম্যানুয়ালে উল্লেখিত সর্বোচ্চ ওজনসীমা জেনে নিন। সাধারণত রুফ র‌্যাক ৭০ থেকে ৯০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। অতিরিক্ত ওজন গাড়ির ছাদ ও টায়ারের ক্ষতির কারণ হতে পারে।

নিয়মিত পরিষ্কার ও ওয়াক্স করুন

গাড়ি নিয়মিত পরিষ্কার রাখলে রঙের উজ্জ্বলতা বজায় থাকে। ওয়াক্স করলে শুধু গাড়ি চকচকে হয় না, অক্সিডেশন থেকেও সুরক্ষা পায়। ওয়াক্স মুছতে নরম বা মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন, যাতে আঁচড় না পড়ে।

ইঞ্জিন পরিষ্কার রাখুন

প্রতি এক বা দুই বছর পরপর ইঞ্জিন পরিষ্কার করা ভালো। পরিষ্কার ইঞ্জিন তুলনামূলক কম গরম হয় এবং ভালো পারফরম্যান্স দেয়। পরিষ্কারের সময় এয়ার ইনটেক ও ইলেকট্রনিক যন্ত্রাংশ প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন।

এসি নিয়মিত চালু রাখুন

দীর্ঘদিন এসি ব্যবহার না করলে এর বিভিন্ন যন্ত্রাংশে সমস্যা দেখা দিতে পারে। তাই এসি সচল রাখতে নিয়মিত কিছু সময়ের জন্য চালু করুন।

ব্যাটারির যত্ন নিন

গাড়ির ব্যাটারি নিয়মিত পরিষ্কার ও পরীক্ষা করুন। ব্যাটারির কেসে ময়লা জমলে বিদ্যুৎ পরিবহনে সমস্যা হতে পারে। টার্মিনাল খুলতে হলে আগে নেগেটিভ (কালো) ক্যাবল খুলুন, এরপর পজিটিভ (লাল) ক্যাবল। পুনরায় সংযোগ দেওয়ার সময় আগে পজিটিভ, পরে নেগেটিভ ক্যাবল লাগান।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ


অন্যান্য সংবাদ