ATN
শিরোনাম
  •  

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

         
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা ‘নীলাচল’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর মজিবুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের গোদনাইল এসও ঈদগাহ মাঠের পশ্চিম পাশে সিদ্ধিরগঞ্জ-চাষাঢ়া সড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাসটির মালিক ও মামলার বাদী মো. আল-আমিন জানান, তিনি ব্যবসায়িক অংশীদার আতিকুর রহমানের সঙ্গে ‘নীলাচল’ পরিবহনের বাসটি পরিচালনা করেন। ঢাকা মেট্রো-ব-১৫-৩৪৭১ নম্বরের বাসটির আনুমানিক মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

এজাহারে বলা হয়, প্রতিদিনের মতো ২০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাসটির চালক ও হেলপার সেটি গোদনাইল এসও ঈদগাহ মাঠের পশ্চিম পাশে সড়কের পাশে পার্কিং করে চলে যান। বাসের দরজায় তালা এবং জানালা বন্ধ ছিল। পরদিন রাত আনুমানিক দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে বাসে হামলা ও অগ্নিসংযোগের খবর পান মালিক। পরে ঘটনাস্থলে গিয়ে বাসটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান তিনি।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটনের নেতৃত্বে অন্য আসামিরা এ ঘটনায় জড়িত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন বাদী। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন এবং একপর্যায়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন।

অগ্নিকাণ্ডে বাসটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এজাহারে লিটন ছাড়াও আসাদুল্লাহ, সাবেক সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা মো. শহীদুল্লাহ, জামান, রাকিব, সিয়াম হোসেন, নাতিয়া মুন্না, পাভেল, আনোয়ার হোসেন, মোস্তফা হোসেন, জসিম উদ্দিন, সাইফুদ্দীন, আব্দুল, মাসুম বিল্লাহ পৃথিবী, আবুল কালাম আবু, আরিফ হোসেন, স্বপনসহ ১৮ জনের নাম রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে ইন্সপেক্টর মজিবুর রহমান বলেন, আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ