ATN
শিরোনাম
  •  

মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, থাকছে বিশ্বকাপজয়ীদের পুনর্মিলন

         
মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, থাকছে বিশ্বকাপজয়ীদের পুনর্মিলন

মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, থাকছে বিশ্বকাপজয়ীদের পুনর্মিলন

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন গত ৩১ আগস্ট। তবে দেশীয় ফুটবলভক্তদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায়ের লক্ষ্যে আগামী ৬ অক্টোবর তিনি জাতীয় দলে শেষ ম্যাচ খেলবেন। আফ্রিকান দেশ বেনিনের বিপক্ষে মহাতারকার বিদায়ী এই ম্যাচ ঘিরে বিশেষ জার্সি প্রস্তুত করছে আর্জেন্টিনা।

মেসি তার ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘শেষ ম্যাচ...আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই...আজীবনের জন্য স্মারক এক পোশাক।’

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙের আদলে তৈরি এক জোড়া বুট সোফার ওপর রাখছেন মেসি। এরপর পাশে ঝোলানো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটি সরিয়ে সেখানে নতুন একটি জার্সি রাখেন তিনি।

নতুন জার্সিটি শুধু মেসির জন্য, নাকি পুরো আর্জেন্টিনা দলই এটি পরে মাঠে নামবে—তা এখনো নিশ্চিত নয়। তবে জার্সিটির নকশায় রয়েছে বেশ কিছু বিশেষত্ব। পেছনের অংশে আকাশি নীল ও সাদা রঙের সমন্বয়ের পাশাপাশি খেলোয়াড়দের নাম ও নম্বর সোনালি রঙে লেখা হয়েছে। নকশায় আর্জেন্টিনার প্রতীক ‘সান অব মে’-এর ছায়াও বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

মেসির বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে। আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে ওই ম্যাচেই জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এর আগে আগামী ৩০ সেপ্টেম্বর ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর অবস্থানধারী লিওনেল স্কালোনির দল কর্দোবায় ৭৭তম র‌্যাঙ্কিংধারী বলিভিয়ার বিপক্ষে খেলবে। এরপর ৩ অক্টোবর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ বুরকিনা ফাসো (৬২তম)। র‌্যাঙ্কিংয়ে ৯৩তম বেনিনের বিপক্ষে ম্যাচটি সবার শেষে, মেসির বিদায়ী ম্যাচটি স্বাভাবিকভাবেই এখন থেকেই রোমাঞ্চ ছড়াচ্ছে।

আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষবার মাঠে নামাকে কেন্দ্র করে আরও বড় আয়োজনের পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে তাদের পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে, যাতে সতীর্থদের সঙ্গে মেসি তার জাতীয় দলের অধ্যায়ের শেষ মুহূর্তটি উদযাপন করতে পারেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ