ATN
শিরোনাম
  •  

সাবা কামারের পুরোনো প্রেমের গল্প, রহস্যে ঘেরা সেই সহশিল্পী

         
সাবা কামারের পুরোনো প্রেমের গল্প, রহস্যে ঘেরা সেই সহশিল্পী

সাবা কামারের পুরোনো প্রেমের গল্প, রহস্যে ঘেরা সেই সহশিল্পী

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর খুব একটা কথা বলেন না। তবে সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে জীবনের এক গোপন অধ্যায়ের পাতা খুললেন তিনি। ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, একসময় সহশিল্পীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন তিনি।

লন্ডনে ‘এসকেটি ওয়েলফেয়ার’-এর তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘ক্রিয়েটিভ টিমস’ আয়োজিত একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এই অভিনেত্রী। কথা বলার একপর্যায়ে হঠাৎ অতীতের প্রেমে পড়ার সেই স্মৃতি মনে করিয়ে দেন তিনি।

সাবা জানান, কয়েক বছর আগে তিনি এক সহশিল্পীর প্রেমে পড়েছিলেন। তবে সেই ব্যক্তি বর্তমানে বিবাহিত। রহস্যময় সেই অভিনেতার নাম প্রকাশ না করে সাবা বলেন, বিষয়টি এখন ভাবলে তার কাছেও বেশ অদ্ভুত লাগে।

অভিনেত্রীর ভাষ্য, ‘‘সে এখন বিবাহিত। পুরো বিষয়টি ভাবতেই কেমন যেন অদ্ভুত লাগে! কয়েক বছর আগের কথা, হয়তো দুই থেকে চার বছর আগে। আমি তার প্রেমে পড়েছিলাম। আসলে হয়তো আমি তার অভিনীত সিনেমার চরিত্রের প্রতিই আসক্ত হয়ে পড়েছিলাম।’’

সাবা আরও জানান, ওই ব্যক্তি টেলিভিশন নাটকের অভিনেতা নন, তিনি চলচ্চিত্রের একজন অভিনেতা। এ কথা বলার পরই মজার ছলে নিজের অভিনীত সিনেমার সংখ্যা নিয়ে মন্তব্য করেন তিনি। সাবা বলেন, তিনি তো হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

অনুষ্ঠানের সঞ্চালক রসিকতা করে যখনই গুগলে তার সিনেমার তালিকা খোঁজার প্রস্তাব দেন, তখনই হেসে উঠে সাবা তাকে থামিয়ে দেন এবং বিষয়টি নিয়ে আর না ঘাঁটতে অনুরোধ জানান।

পুরোনো সেই ভালোবাসা বা ভালো লাগার ঘোর কীভাবে কাটল সে গল্পও মজার ছলে শুনিয়েছেন সাবা। নিজের ১৪ বছর বয়সী ভাগ্নির একটি মন্তব্যের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘আমার ভাগ্নি আমাকে বলেছিল—‘খালা, তুমি জঙ্গলে কাজ করতে গিয়ে নির্জন পরিবেশ পেয়েছিলে, তাই হয়তো তোমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল!’ ওর কথা শোনার পরই আমার ঘোর কেটে যায়।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ