ATN
শিরোনাম
  •  

ডিজেলের দাম বাড়ার প্রভাব, কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া

         
ডিজেলের দাম বাড়ার প্রভাব, কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া

ডিজেলের দাম বাড়ার প্রভাব, কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের ডিজেলচালিত সাধারণ বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দূরপাল্লা ও মহানগরসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হচ্ছে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা যায়, সাধারণত জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি বৃদ্ধি পায় এক পয়সা। এবার ডিজেলের মূল্য লিটারে ২০ টাকা বেড়েছে। বিআরটিএ কিলোমিটার প্রতি ভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সড়ক পরিবহন মন্ত্রণালয় তা কমিয়ে ১৭ পয়সা করার সিদ্ধান্ত দিয়েছে।

নতুন এই ভাড়া শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে কার্যকর হবে। এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। একইভাবে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহনের ভাড়াও সরকারি নির্ধারিত নয়। ফলে এসব যানবাহন এবং এসি বাসের ক্ষেত্রে নতুন ভাড়ার হার প্রযোজ্য হবে না।

বিআরটিএ সূত্র জানায়, নতুন ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ৫২ আসনের বড় বাস এবং ৩০ আসনের মিনিবাসের হিসাব বিবেচনায় নেওয়া হয়েছে। তবে দূরপাল্লার অনেক পরিবহনে যাত্রীদের আরাম নিশ্চিত করতে ৫২ আসনের বাসে আসনসংখ্যা কমিয়ে দেওয়া হয়। এ ধরনের বাসে যাত্রীপ্রতি ভাড়া তুলনামূলক বেশি হতে পারে।

দূরপাল্লা ও শহরের বিভিন্ন রুটের জন্য দূরত্বভিত্তিক নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হবে। তবে তালিকা প্রস্তুত ও প্রকাশ করতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বিআরটিএ।

গত ২০ সেপ্টেম্বর রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা। নতুন ১৭ পয়সা বাড়ার পর তা দাঁড়াবে ২ টাকা ৭০ পয়সায়। মিনিবাসের বর্তমান ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৫৯ পয়সা।

অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। নতুন হার কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ২ টাকা ৪০ পয়সা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ