ATN
শিরোনাম
  •  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন অভিনেতা রিফাত চৌধুরী

         
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন অভিনেতা রিফাত চৌধুরী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন অভিনেতা রিফাত চৌধুরী

বাংলা নাটকের একসময়ের দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুতে বেড না পাওয়ায় দুই দিন ফ্লোরেই কাটাতে হয়েছিল তাকে। পরে একটি বেডের ব্যবস্থা হলেও শারীরিক অসুস্থতার সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসার ব্যয়ভার।

সোমবার রাতেই হাসপাতালের একটি কেবিনে স্থানান্তর করা হয়েছে রিফাত চৌধুরীকে। মঙ্গলবার তিনি বলেন, ‘গতকাল রাতে আমাকে কেবিনে নেওয়া হয়েছে। এখন বেড রেস্টে রয়েছি, সব পরীক্ষা-নিরীক্ষার পর আমার ফাইল দেখে চিকিৎসা শুরু করা হবে।’

এদিকে শুরু থেকেই হাসপাতালে রিফাত চৌধুরীর পাশে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানিয়েছেন, অভিনেতার জন্য এখন আর্থিক সহযোগিতা প্রয়োজন। তার ভাষ্য, ‘আর্থিক সহযোগিতার বিষয়টি নিয়ে আমি রিফাত ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তার নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তাই কেউ যদি সহযোগিতা করতে চান, তাহলে আমার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট ০১৯৩৪-৭৪১৪৫০ নম্বরে অনুদান পাঠাতে পারেন। সেটা যথাযথভাবে রিফাত ভাইয়ের কাছে পৌঁছে যাবে।’

অমিতাভ অরণ্য জানান, অভিনেতা এখন ঢামেকের নতুন ভবনের মেডিসিন ইউনিট ৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন। তিনি বলেন, ‘আপনাদের নিউজটি প্রকাশের পর আজ কয়েকজন যোগাযোগ করছেন। আশা করছি, তাদের মাধ্যমে কিছু সহযোগিতা পাওয়া যেতে পারে। বেশিরভাগ পরীক্ষা গতকাল করা হয়েছে। আগামীকাল (বুধবার) আরও দুটি পরীক্ষা করানোর কথা রয়েছে। এরপর মূল চিকিৎসা শুরু হবে।’

মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। পরিবার থেকেও বহুদিন ধরে তিনি বিচ্ছিন্ন। শোবিজের মানুষেরাও সেভাবে খোঁজ নেয়নি। ফলে একাকীত্বই তার সঙ্গী। একা একাই হাসপাতালে ছুটেছেন। তবে তার অসুস্থতা ও সংকটের বিষয়টি এখন জানাজানি হওয়ায় অভিনয়শিল্পী সংঘ এবং শোবিজের তারকারাও সহযোগিতার আশ্বাস দিচ্ছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ