ATN
শিরোনাম
  •  

বান্দরবানের ডায়রিয়ার আক্রান্তদের দুয়ারে বিজিবির ; বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ

         
বান্দরবানের ডায়রিয়ার আক্রান্তদের দুয়ারে বিজিবির ; বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ

বান্দরবানের ডায়রিয়ার আক্রান্তদের দুয়ারে বিজিবির ; বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ

বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী মদকের দুর্গম পার্বত্য জনপদে আকস্মিক ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দুর্গম এ জনপদে বিশুদ্ধ পানির অভাবের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইনের সংকটও দেখা দিয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে আক্রান্ত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, স্বাস্থ্য পরামর্শ ও খাদ্যসামগ্রী প্রদান করেছে।

গতকাল (১৯ সেপ্টেম্বর) সকালে মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক ভিতরপাড়া গ্রামে থুই মা চিং মার্মা (৪২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। একই এলাকায় আরও ১০–১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে ৫৭ বিজিবির নজরে আসে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মদক বিওপির ব্যবস্থাপনায় একজন মেডিকেল সহকারী প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আক্রান্তদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। পরবর্তীতে দুর্গম এ এলাকার আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫৭ বিজিবির উদ্যোগে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয় এবং স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদান করে।

ডায়রিয়ার প্রকোপ অব্যাহত থাকায় আজ (২০ সেপ্টেম্বর) আলীকদম ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসারের নেতৃত্বে পুনরায় চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডায়রিয়া আক্রান্ত ও অসহায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়ার পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় পাড়া কারবারী/হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম সীমান্তবর্তী পার্বত্য এ জনপদের মানুষের জীবন-জীবিকা, স্বাস্থ্য ও জনকল্যাণে ৫৭ বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের পাশে থেকে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ