ATN
শিরোনাম
  •  

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: ডিবির অভিযানে গ্রেফতার ৪, উদ্ধার ৪ অবিস্ফোরিত ককটেল

         
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: ডিবির অভিযানে গ্রেফতার ৪, উদ্ধার ৪ অবিস্ফোরিত ককটেল

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: ডিবির অভিযানে গ্রেফতার ৪, উদ্ধার ৪ অবিস্ফোরিত ককটেল

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় মূল অপরাধীসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানা এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টায় যাত্রাবাড়ী থানার সামনে পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন সাধারণ পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান উদ্দিনকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল।

পরে গ্রেফতারকৃত রায়হান উদ্দিনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে লালবাগ থানাধীন জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পার্কিংয়ের মাঝের একটি পিলারের পাশে ইটের সুড়কির বস্তার মধ্য থেকে লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে ডেমরা থানাধীন ডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রায়হান উদ্দিন এর আগেও মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে বেরিয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়। গ্রেফতারকৃতরা একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি ও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ