ATN
শিরোনাম
  •  

কুমিল্লায় ১৩ বছরের অপ্রতিমের মরদেহ উদ্ধার, মায়ের আহাজারি

         
কুমিল্লায় ১৩ বছরের অপ্রতিমের মরদেহ উদ্ধার, মায়ের আহাজারি

কুমিল্লায় ১৩ বছরের অপ্রতিমের মরদেহ উদ্ধার, মায়ের আহাজারি

কুমিল্লায় নিখোঁজের একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

ছেলের মরদেহ উদ্ধারের খবর পেয়ে শোকে ভেঙে পড়েন ড. নাহিদা বেগম। শনিবার দুপুরে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কোটবাড়ি এলাকায় তাদের বাসায় গেলে ছেলেকে হারানোর বেদনায় আহাজারি করতে দেখা যায় তাকে।

এ সময় নাহিদা বেগম বলেন, “আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া জীবন পার করব কীভাবে। আমার ছেলে কী অন্যায় করেছে, আমি জানতে চাই। আমাকে জবাব দেন। আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটাই কি আমার অন্যায়?”

তিনি আরও বলেন, “এটা কোন দেশ? আমি বাঁচব কীভাবে? আমার তো একটাই ছেলে। কীভাবে আমার জীবন কাটাব?”

নাহিদা বেগমের কান্নায় উপস্থিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীও আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তিনি পরিবারটিকে সান্ত্বনা দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস দেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আইফোনটি নেওয়ার উদ্দেশ্যে অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ