ATN
শিরোনাম
  •  

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেপ্তার চিত্রনায়ক পলাশ, থমকে আছে ‘শিকার’-এর বাকি শুটিং

         
শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেপ্তার চিত্রনায়ক পলাশ, থমকে আছে ‘শিকার’-এর বাকি শুটিং

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেপ্তার চিত্রনায়ক পলাশ, থমকে আছে ‘শিকার’-এর বাকি শুটিং

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়ক মরতুজা পলাশ। নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং শেষ করে দেশে ফেরার দিন গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

নেপালে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন পলাশ। গত আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনেরও বেশি সময় ধরে সেখানে দৃশ্যধারণ চলে। আকস্মিক বন্যার কারণে শুটিং শেষ করে গত ২৮ আগস্ট দেশে ফেরে সিনেমাটির পুরো দল। দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার হন পলাশ।

তবে তাঁর গ্রেপ্তারের বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি। হত্যা মামলায় গ্রেপ্তারের পর তাঁকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলাসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা এবং মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তায় পড়েছে তাঁর অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজ। নেপালে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। এখনো কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি। আগামী অক্টোবরে সেগুলোর দৃশ্যধারণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কিন্তু নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করতে পারছেন না তিনি।

কামরুজ্জামান রোমান বলেন, ‘নেপালে “শিকার”–এর বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগিরই মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।’

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রোমান।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ