ATN
শিরোনাম
  •  

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

         
কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির পাশে পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। ইকবাল তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা মসজিদে গেলে আব্দুল্লাহ ও ইকবাল বাড়ির পাশের আবু বক্কর শেখের পুকুরের কাছে খেলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।

পরে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগম শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুরে নেমে শিশু দুটিকে উদ্ধার করেন। পরে তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ