ATN
শিরোনাম
  •  

বার্সেলোনায় চোটের ধাক্কা, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে জোয়ান গার্সিয়া

         
বার্সেলোনায় চোটের ধাক্কা, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে জোয়ান গার্সিয়া

বার্সেলোনায় চোটের ধাক্কা, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে জোয়ান গার্সিয়া

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা পেল দুঃসংবাদ। হাঁটুর চোটের কারণে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দলটির গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে। ফলে শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে তাকে পাচ্ছে না কাতালান ক্লাবটি।

বুধবার রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ গোলের বড় জয়ের ম্যাচে চোট পান গার্সিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি। বিরতির পর আর তাকে মাঠে নামাননি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তার পরিবর্তে গোলবারের দায়িত্ব নেন অভিজ্ঞ গোলরক্ষক উয়োইচেখ চেচনি।

ম্যাচ শেষে গার্সিয়ার হাঁটুতে পরীক্ষা করা হয়। শুরুতে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছিল, গোলরক্ষকের হাঁটুতে সামান্য অস্বস্তি রয়েছে। তবে পরবর্তী পরীক্ষায় তার ডান হাঁটুর মেনিস্কাসে চোট ধরা পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে গার্সিয়াকে। ফলে শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচ তো মিস করবেনই, আসন্ন আন্তর্জাতিক বিরতিতে স্পেনের ম্যাচেও তাকে পাওয়া যাবে না।

গার্সিয়ার চোটটি অবশ্য গত মৌসুমে অস্ত্রোপচার করা হাঁটুর নয়। এবার সমস্যা হয়েছে ডান হাঁটুতে, যা বার্সেলোনার জন্য কিছুটা স্বস্তির খবর।

গার্সিয়ার অনুপস্থিতিতে গোলবার সামলানোর দায়িত্ব পেতে পারেন চেচনি। চলতি মৌসুমে তাকে দলের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে নিশ্চিত করেছেন ফ্লিক। রেসিংয়ের বিপক্ষে ভুল করে একটি গোল হজম করলেও চেচনির ওপর আস্থা রেখেছেন বার্সা কোচ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ