ATN
শিরোনাম
  •  

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্পিকার হাফিজ উদ্দিন আহমদের

         
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্পিকার হাফিজ উদ্দিন আহমদের

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্পিকার হাফিজ উদ্দিন আহমদের

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গত ১৭ বছর অত্যাচারী লুণ্ঠনকারীদের হাতে আমরা জিম্মি ছিলাম। এখনো তাদের শাস্তি হয়নি, আশাকরি আগামী দিনে সরকার তাদের শাস্তি দিতে পারবে। আপনারা এ ধরনের দলকে কখনই সমর্থন করবেন না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন অক্ষুন্ন থাকে সেজন্য সচেষ্ট থাকবেন, এটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। বিদেশি রাষ্ট্রের দালালদেরকে বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না কখনো।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, সততার মূল্য অপরিসীম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবে মারা গেছেন কিন্তু আজও মানুষ তাকে কত সম্মান করে। বিএনপি দলটা বার বার ক্ষমতায় যায়, জিয়াউর রহমান যা কিছু ভালো করে গেছেন ওই সুবাদেই মানুষ বিএনপিকে বার বার ভোট দেয়। তিনি ৪/৫ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিন্তু মৃত্যুর পর দেখা গেল তার কোনো জমি নাই। ব্যাংকে কোনো টাকা নাই। তার চার ভাই জীবিত ছিলেন, কেউ তাদের নামও জানেন না।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর দেখা গেছে, তার নামে বিপুল সম্পদ বা ব্যাংকে বড় অঙ্কের অর্থ ছিল না। তার চার ভাই জীবিত থাকলেও সাধারণ মানুষের কাছে তাদের পরিচিতি ছিল না। তার মতে, সততা ও দেশপ্রেমের কারণেই জিয়াউর রহমান আজও মানুষের কাছে শ্রদ্ধার পাত্র।

তিনি আরও বলেন, জনকল্যাণে কাজ করাই ছিল জিয়াউর রহমানের অন্যতম লক্ষ্য। বিএনপি তার প্রতিষ্ঠিত দল হওয়ায় দলটি তার আদর্শ ও সুনাম ধরে রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংসদের স্পিকার হিসেবে নিজের নিরপেক্ষতার বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তিনি বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি দলের কোনো কর্মকাণ্ডে অংশ নেন না। সংসদে থাকা বিরোধী দলগুলোও তার নিরপেক্ষতার বিষয়ে এখন পর্যন্ত মোটামুটি সন্তুষ্ট বলে দাবি করেন তিনি।

সমাবেশে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় নেতারা। এ সময় বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসন থেকে সাতবার সংসদ সদস্য ও তিনবার মন্ত্রী এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ