ATN
শিরোনাম
  •  

মোশাররফ করিমের মাস্টারক্লাসে অভিনয় শেখার সুযোগ

         
মোশাররফ করিমের মাস্টারক্লাসে অভিনয় শেখার সুযোগ

মোশাররফ করিমের মাস্টারক্লাসে অভিনয় শেখার সুযোগ

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের কাছ থেকে সরাসরি অভিনয়ের কলাকৌশল শেখার সুযোগ পাচ্ছেন অভিনয়প্রত্যাশীরা। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে দিনব্যাপী অভিনয় কর্মশালা। কর্মশালাটির আয়োজন করছে একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস।

মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি—অভিনয়ের প্রায় সব মাধ্যমেই দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করে আসছেন মোশাররফ করিম। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা এই অভিনেতা এবার নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা ও অভিনয়চর্চার নানা দিক তুলে ধরবেন কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সামনে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কর্মশালাটি দুটি সেশনে অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে প্রথম সেশন ‘থিওরি অব অ্যাকটিং’। এতে আলোচনা করবেন নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ইউসুফ হাসান অর্ক।

প্রথম সেশনে অভিনয় ও পারফরম্যান্সের জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি, ন্যাচারাল ও স্টাইলাইজড অভিনয়পদ্ধতি, চরিত্র নির্মাণে স্তানিস্লাভস্কির পদ্ধতি, টেম্পো ও রিদম, শারীরিক অভিব্যক্তি এবং অভিনয়ে মিউজিক্যালিটির ভূমিকা নিয়ে আলোচনা করা হবে।

এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মোশাররফ করিমের মাস্টারক্লাস। ‘আর্ট অব অ্যাকটিং’ সেশনে নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে আলোচনা করবেন তিনি। চরিত্রের জন্য মানসিক প্রস্তুতি, চরিত্র বোঝা ও চরিত্রের মধ্যে প্রবেশ করার পদ্ধতি, চরিত্রের আবেগকে সত্যিকারের অভিনয়ে রূপ দেওয়ার কৌশল, পরিচালকের নির্দেশনা বোঝা ও নিজের সঙ্গে সমন্বয় করার নিয়ম এবং একজন পেশাদার অভিনেতা হিসেবে ক্যারিয়ার গড়ে তোলা নিয়ে কথা বলবেন মোশাররফ করিম।

আয়োজকরা জানান, সর্বোচ্চ ৫০ জন এই কর্মশালায় অংশ নিতে পারবেন। এর জন্য নির্ধারিত ফরমে নিবন্ধন করতে হবে। বিস্তারিত তথ্য মিলবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ