ATN
শিরোনাম
  •  

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

         
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, প্রধানমন্ত্রীকে যে প্রক্রিয়ায় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এ কারণেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমন্ত্রণের বিষয়টি ইতিবাচকভাবে নেওয়া হয়নি।

তিনি প্রশ্ন তুলে বলেন, কীভাবে যাবে? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।

দিল্লি সফরের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে বাংলাদেশ বর্তমানে দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, আমরা দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছি। যখন পরিবেশ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখন দ্বিপাক্ষিক সফর হবে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।

এর আগে আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই আমন্ত্রণপত্রে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি ভালোভাবে নেয়নি ঢাকা।

এদিকে গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। আনন্দবাজার পত্রিকা যাই বলুক না কেন, আমি আমার দেশের স্বার্থ ও আনন্দের কথা ভাবব।

ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে এ মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা নতুন করে জানানোর মতো কোনো আপডেট নেই বলে তিনি উল্লেখ করেন।

রোহিঙ্গা সমস্যার সমাধান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ ধরনের জটিল বিষয়ে হঠাৎ করে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। এ জন্য ধৈর্য ধরার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা আরও দ্রুতগতিতে চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমরা আগামীকালই এটা সমাধান করে ফেলব—এমন দাবি হয়তো করা যাবে না। তবে আমরা আশাবাদী যে দ্রুতই একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দিকে আমরা এগিয়ে যেতে পারব।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ