ATN
শিরোনাম
  •  

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

         
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বাংলাদেশ থেকে আরও ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং সমসংখ্যক মৎস্যজীবী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। দেশটি বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, আগামী মাসে ওমানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর কর্মী নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

ওমানের ভিসা চালুর বিষয়ে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। বিগত সরকারের সময়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিদের জন্য ওমানের নিয়মিত শ্রমবাজার আবারও উন্মুক্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার দক্ষ অভিবাসনের ওপর গুরুত্ব দিচ্ছে এবং বিষয়টি ওমান সরকারের কাছে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী যাতে ওমানে যেতে পারেন এবং বিভিন্ন খাতে কাজ করতে পারেন, সে বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করছে। এ বিষয়ে ওমানেরও আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টিও গুরুত্ব পায়।

ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ