ATN
শিরোনাম
  •  

দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

         
দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক মান অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার ন্যূনতম অনুপাত পূরণে বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসক প্রয়োজন। তবে সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিহার (মাদারীপুর-২) এর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বেলা ৩টার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের অর্থায়নে ২০২৬ সালে পরিচালিত এক গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত প্রতি এক হাজার মানুষের বিপরীতে শূন্য দশমিক ৫০ জন চিকিৎসকের ন্যূনতম মান পূরণ করতে চলতি বছর দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসক প্রয়োজন।

তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট পদ রয়েছে ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে ৩০ হাজার ৩১১টি পদে চিকিৎসক কর্মরত রয়েছেন। ফলে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি পদ এখনো শূন্য রয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, দেশের জনসংখ্যার তুলনায় প্রয়োজনীয় চিকিৎসকের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক ও জাতীয় স্বাস্থ্যকর্মী-সংক্রান্ত বিভিন্ন মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়।

তবে দেশে চিকিৎসকের মোট সংখ্যা এবং সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কর্মরত চিকিৎসকের সংখ্যা এক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংখ্যা বাড়াতে সরকার ইতোমধ্যে বিভিন্ন নিয়োগ কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি জানান, ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।

সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর শূন্য পদগুলো ধাপে ধাপে পূরণে চলমান নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি করে জনগণের জন্য সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ