ATN
শিরোনাম
  •  

দিল্লিতে ছয়তলা ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

         
দিল্লিতে ছয়তলা ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

দিল্লিতে ছয়তলা ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। এতে ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটি শিক্ষার্থীদের পেইং গেস্ট (পিজি) হিসেবে ব্যবহৃত হতো।

সরকারের এক প্রতিনিধি জানিয়েছেন, ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে দিল্লি পুলিশের দাবি, তাদের কাছে দুজনকে উদ্ধারের তথ্য রয়েছে। ভবনের ভেতরে মোট কতজন আটকা পড়েছেন, সে বিষয়ে এখনো কোনো সংখ্যা জানায়নি পুলিশ।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, দুর্ঘটনার সময় ভবনটিতে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। রোববার ছুটির দিন হওয়ায় তাদের বেশিরভাগই তখন ভবনের ভেতরে অবস্থান করছিলেন বলে জানান তিনি।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি মানুষের সাহায্যের জন্য চিৎকার শুনেছেন। আরেক প্রত্যক্ষদর্শী জানান, পুরুষ শিক্ষার্থীদের থাকার জন্য ‘হোস্টেল ডেজ’ নামের একটি পিজি হিসেবে ভবনটি ব্যবহৃত হতো।

ভবন ধসের খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয়রা নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সেবার দল ঘটনাস্থলে কাজ করছে। উদ্ধারকাজে অন্তত ১২টি ফায়ার সার্ভিসের গাড়ি মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপ সরাতে একটি খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আরও প্রয়োজনীয় সরঞ্জাম ঘটনাস্থলে আনা হচ্ছে। দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরাও উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এক বিবৃতিতে ভবন ধসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের একটি ভবন খালি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

ঘটনাস্থলে থাকা স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা কয়েকজন শিক্ষার্থী ফোনে যোগাযোগের চেষ্টা করছেন। তার ভাষ্য, ‘ভবনের ভেতরে আরও মানুষ আটকে থাকতে পারেন।’ উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত সত্য নিকেতন এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী বসবাস করেন। ভবন ধসের পর বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের সদস্যরাও উদ্ধারকাজে সহযোগিতা করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ