ATN
শিরোনাম
  •  

বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ দুইজন আটক

         
বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ দুইজন আটক

বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ দুইজন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন—খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।

এয়ারপোর্ট এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বাইরের গেটে ওই দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সুকৌশলে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের শরীর তল্লাশি করে মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণালংকার ২১ ক্যারেটের বলে জানিয়েছে পুলিশ। এ পরিমাণ স্বর্ণের ওজন প্রায় ৪০ দশমিক ৭৮ ভরি।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছে। পুলিশের দাবি, চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণগুলো তাদের হেফাজতে রাখা হয়েছিল এবং তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

এ ঘটনায় মঙ্গলবার বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় আটক দুজনের বিরুদ্ধে অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে এসে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের হেফাজতে রাখার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালানসহ অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দরকে ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ