ATN
শিরোনাম
  •  

জামালপুরে বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে, নিহত ৪; মহাসড়ক অবরোধ

         
জামালপুরে বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে, নিহত ৪; মহাসড়ক অবরোধ

জামালপুরে বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে, নিহত ৪; মহাসড়ক অবরোধ

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস লাহেরীকান্দা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশার ওপর পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে, রাজিব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে এই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। বারবার দুর্ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনার পর থেকেই জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও দুটি মরদেহ ঘটনাস্থলে রয়েছে। উল্টে থাকা বাসের ভেতরে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরানোর কাজ চলছে। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ