ATN
শিরোনাম
  •  

আতিফের গানে প্রথমবার ইয়ুমনা, নতুন জুটির রসায়নে মুগ্ধ ভক্তরা

         
আতিফের গানে প্রথমবার ইয়ুমনা, নতুন জুটির রসায়নে মুগ্ধ ভক্তরা

আতিফের গানে প্রথমবার ইয়ুমনা, নতুন জুটির রসায়নে মুগ্ধ ভক্তরা

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের নতুন গান ঘিরে উচ্ছ্বাসের পারদ ক্রমেই বাড়ছে। দীর্ঘ অপেক্ষার পর পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম ‘সুবাহ আয়ে না’ নিয়ে ফিরেছেন এই তারকা। অ্যালবামের অন্যতম আলোচিত গান ‘হুন ইশক মে’-এর মিউজিক ভিডিওর নতুন ঝলক প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা।

গানটির বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে আতিফ আসলামের সঙ্গে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদির প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি। মিউজিক ভিডিওতে দুই তারকার উপস্থিতি এবং অনস্ক্রিন রসায়ন ইতোমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘হুন ইশক মে’-এর নতুন পোস্টার প্রকাশ করেন আতিফ আসলাম। সেখানে তাকে ও ইয়ুমনাকে একটি স্পোর্টস কারের পাশে জমকালো সাজে দেখা যায়। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকার জুটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

রোমান্টিক ও মেলোডিয়াস ধারার এই গানটিতে আতিফ ও ইয়ুমনার অনস্ক্রিন রসায়ন বেশ উপভোগ করছেন ভক্তরা। ছোটপর্দায় অনবদ্য পারফর্ম করে দর্শকহৃদয়ে জায়গা করে নেওয়া ইয়ুমনার সঙ্গে গায়কের এই মেলবন্ধন মিউজিক ভিডিওতে বাড়তি আবেদন যোগ করেছে।

‘হুন ইশক মে’ গানটি লিখেছেন ও সুর করেছেন রাজ রঞ্জোধ, আর এর চমৎকার সঙ্গীতায়োজন করেছেন শিরাজ উপ্পল। তারকাখচিত এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা সাইফ হাসান। দৃশ্যায়নে আতিফ ও ইয়ুমনার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে মুস্তফা আফ্রিদিকে।

দীর্ঘ ১৮ বছরের বিরতি কাটিয়ে পূর্ণাঙ্গ অ্যালবামে ফিরলেন এই সুরের রাজপুত্র। সর্বশেষ ২০০৮ সালে তার একক অ্যালবাম ‘মেরি কাহানি’ প্রকাশিত হয়েছিল। মাঝে বিভিন্ন একক গান ও প্লেব্যাকে ঝড় তুললেও পূর্ণাঙ্গ অ্যালবামের জন্য ভক্তদের অনুরাগের শেষ ছিল না। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অ্যালবাম এবং এর দৃশ্যচিত্র দিয়ে পুনরায় আলোচনার শীর্ষে চলে এসেছেন আতিফ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ