ATN
শিরোনাম
  •  

ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী

         
ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী

ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী

ভূমি ব্যবস্থার আধুনিকায়ন, ভূমিসেবায় ওয়ান স্টপ সার্ভিস চালু এবং স্বচ্ছতা নিশ্চিত করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)সহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।

রোববার ঢাকায় ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ও ইউএনডিপির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিশ্চিত করা গেলে ভূমিসেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করা সম্ভব।

এ সময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করেন। তিনি বলেন, ভূমিসেবা ডিজিটালাইজেশন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে জনগণ সরাসরি সেবা গ্রহণের সুযোগ পাচ্ছে, ফলে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ছে। একই সঙ্গে ভূমিসেবায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও উল্লেখযোগ্যভাবে কমেছে।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গতি বাড়াতে তিনি বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া ইউএনডিপির জন্য গর্বের। বাংলাদেশ সরকার, জনগণ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বিদ্যমান অর্জনগুলোকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানুষের কল্যাণে কার্যকর, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নতুন সমাধান তৈরিতে ইউএনডিপি কাজ করে যাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ