ATN
শিরোনাম
  •  

তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: আমান উল্লাহ আমান

         
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: আমান উল্লাহ আমান

তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: আমান উল্লাহ আমান

“দেশনায়ক তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে,” বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এমপি।

​শনিবার (২৯ আগস্ট) কেরানীগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে শিল্প শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বিগত সরকারের সমালোচনা করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, “গত ১৭ বছরে তৎকালীন সরকার বিদ্যুৎ খাতে নতুন গ্রিড স্থাপন কিংবা গ্যাসের নতুন কূপ খননে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এর খেসারত হিসেবে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে। তবে তারেক রহমানের সরকার এ সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে, ইনশাআল্লাহ দ্রুতই এ সংকটের নিরসন হবে।”

​শিল্প শ্রমিকদের জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি আরও বলেন, “শ্রমিকদের কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা উদ্যোগ শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

​কেরানীগঞ্জ বিসিক শিল্প এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শত শত শ্রমিককে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে বিসিক মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকেরাও উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ