ATN
শিরোনাম
  •  

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

         
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় থাকবে বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সীমিত সম্পদের মধ্যেও এসব পরিবারের পাশে থাকার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র দেওয়ার উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সীমিত সম্পদের মধ্যেও তাদের পাশে থাকার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

তিনি বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অনেকেরই আজ আমাদের মাঝে থাকার কথা ছিল। কিন্তু তারা নেই। তাদের মহান ত্যাগের বিনিময়ে দেশের মানুষ একটি ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আবেগঘন বক্তব্যে তিনি বলেন, যারা আজ আমাদের মধ্যে অনুপস্থিত, তারা কোথায় এবং কী অবস্থায় আছেন, তা একমাত্র আল্লাহই জানেন। তাদের জন্য সবার কাছে দোয়া করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণ করে তারেক রহমান বলেন, এসব আন্দোলনে অংশ নেওয়া মানুষের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, বাস্তবতার কারণে অনেক সময় দ্রুত সবকিছু করা সম্ভব হয় না। তবে জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

জুলাই অভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এসব মানুষ যে লক্ষ্য ও উদ্দেশ্যে জীবন বাজি রেখেছেন, তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

সংগ্রামীদের আত্মত্যাগকে সরকারের কাজের অন্যতম প্রধান প্রেরণা উল্লেখ করে তিনি বলেন, এসব পরিবার সরকারের পাশে দাঁড়িয়েছে বলেই সরকার পূর্ণ উদ্যমে কাজ করার সাহস পাচ্ছে। তাদের ত্যাগ, সমর্থন ও সহযোগিতাই সরকারের শক্তি ও উদ্দীপনার মূল উৎস।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, বিএনপি আমার পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ