ATN
শিরোনাম
  •  

অস্ট্রেলিয়া এবার বড় ভেন্যুতেই ডাকবে বাংলাদেশকে, আশাবাদ তালহা জুবায়ের

         
অস্ট্রেলিয়া এবার বড় ভেন্যুতেই ডাকবে বাংলাদেশকে, আশাবাদ তালহা জুবায়ের

অস্ট্রেলিয়া এবার বড় ভেন্যুতেই ডাকবে বাংলাদেশকে, আশাবাদ তালহা জুবায়ের

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশ দলের। ডারউইনে স্বাগতিকদের হারানোর পর এবার আরও বড় ভেন্যুতে খেলার সুযোগ পাওয়ার প্রত্যাশা করছেন বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তাঁর বিশ্বাস, এই সাফল্যের পর আগামী বছরই বাংলাদেশকে আবারও অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানাবে।

শুক্রবার রাতে দেশে ফিরে নিজেদের অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তালহা। তিনি জানান, সফরে যাওয়ার আগে থেকেই অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাস ছিল দলের মধ্যে।

তালহা বলেন, অস্ট্রেলিয়াকে হারানোর আশা নিয়েই তারা সফরে গিয়েছিলেন। প্রথম টেস্টের আগে দলের প্রস্তুতিও ছিল ভালো। সবাই দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। তবে প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল।

তবে সেই ম্যাচকে দলের খারাপ দিন হিসেবেই দেখেছিলেন তারা। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করা সম্ভব—এই বিশ্বাসই ছিল দলের মধ্যে। শেষ পর্যন্ত ডারউইন টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে সেই বিশ্বাসেরই প্রমাণ দিয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারানোর অভিজ্ঞতা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তালহা। তাঁর ভাষায়, এই সফর থেকে সবচেয়ে বড় প্রাপ্তি হলো—বিদেশের মাটিতেও যেকোনো দলকে হারানোর বিশ্বাস এখন বাংলাদেশ দলের মধ্যে তৈরি হয়েছে।

ড্রেসিংরুমের আবেগের কথাও স্মরণ করেন বাংলাদেশের এই পেস বোলিং কোচ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় এমন এক অভিজ্ঞতা, যার আবেগ ও অনুভূতি সবসময় ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিশ্বের বড় বড় গণমাধ্যমেও বাংলাদেশের এই জয় গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সফরের সাফল্যের পর অস্ট্রেলিয়ার কাছ থেকে দ্রুতই নতুন আমন্ত্রণ পাওয়ার প্রত্যাশা তালহার। তবে এবার শুধু ডারউইন বা ম্যাকাই নয়, আরও বড় ও ঐতিহ্যবাহী ভেন্যুতে বাংলাদেশের খেলার সুযোগ হবে বলে আশাবাদী তিনি।

তালহা জানান, ‘অনেকদিন পর দেশে এসে ভালো লাগছে। আমরা যে ভালো করে আসতে পেরেছি, এটা বড় ব্যাপার। অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো একদমই সোজা কোনো ব্যাপার না। এখানে আমরা সবাই ভালো ফিল করছি, যে অভিজ্ঞতা হয়েছে, বিশ্বাস জন্মেছে যে যেকোনো দলকে হারাতে পারি, এটা জরুরি।’

প্রথম টেস্টে জয়ের দিন সকালে ড্রেসিংরুমে কী হচ্ছিল– তা জানিয়ে এই বোলিং কোচ বলেন, ‘কিছু অভিজ্ঞতা, কিছু ইমোশন এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট জয়, দুনিয়ার বড় বড় মিডিয়া যারা আছে তারাও অনেক কিছু বলছে, তারাও এটা প্রকাশ করেছে।’

পরের বছর অস্ট্রেলিয়া থেকে আবারও আমন্ত্রণ পাওয়ার আশা তালহার, ‘সম্মান কতটা নিয়ে ফিরতে পেরেছি এটা আপনারা বলতে পারবেন ভালো। যেকোনো সফরের আগে আমরা এগুলো বলে যাই তবে বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারব। দল অনেক ভালো শেপে আছে। সবাই বিশ্বাস করছে যে আমরা বাইরে গিয়েও ভালো করতে পারি। আমার মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন-ম্যাকাইতে ডাকবে না, আমরা ভালো ভালো ভেন্যুতে খেলতে পারব আশা করি।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ