ATN
শিরোনাম
  •  

নেপালে অল্পের জন্য রক্ষা, ঢাকায় ফিরে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

         
নেপালে অল্পের জন্য রক্ষা, ঢাকায় ফিরে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

নেপালে অল্পের জন্য রক্ষা, ঢাকায় ফিরে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ হড়পা বানের ছোবলে নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই, এখনো নিখোঁজ প্রায় দুই হাজার মানুষ। চরম এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে আটকে পড়েছিলেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো ইউনিট। তবে অলৌকিকভাবে বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনা ও মানবিক দিক চিন্তা করে নেপালের শুটিং শিডিউল স্থগিত রেখে অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন তারা।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নেপালের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস।

অভিনেত্রী জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বে একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে। কাকতালীয়ভাবে ‘শিকার’ সিনেমার ইউনিটের ওই পথে যাওয়ার কথা ছিল পরদিন, ২৭ আগস্ট। ফলে মাত্র এক দিনের ব্যবধানে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় পুরো দল।

অপু বিশ্বাস বলেন, “আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল, তার কাছাকাছি এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে। আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের সেখানে যাওয়ার কথা ছিল। দুর্যোগের কারণে ওই সড়কে আগামী ১৫ থেকে ২০ দিন যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।”

এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে মানবিক মনে করেননি অপু। তাই পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেন তিনি।

অপু বলেন, “এত ভয়াবহ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মধ্যে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক দেখায়। তাই পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিই। এরপর সবাই নিরাপদে দেশে ফিরে আসি।”

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। ছবিতে অপুর পাশাপাশি অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা খরাজ মুখার্জিও। যখন নেপালে বন্যা, ভূমিধসের ঘটনায় প্রাণহানির কথা খবরে আসতে থাকে, তখনই তাদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে ভক্তরা। গতকাল কলকাতা বিমানবন্দরে খরাজ পা রাখতেই ভক্ত সকলকে আশ্বস্ত করেন তারা নিরাপদে ছিলেন; তার ঘণ্টা কয়েক পর অপু বিশ্বাস ঢাকায় ফিরে সেখানকার অবস্থার কথা জানালেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ