ATN
শিরোনাম
  •  

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ টন অবৈধ সারসহ ট্রাক জব্দ করেছে বিজিবি

         
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ টন অবৈধ সারসহ ট্রাক জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ টন অবৈধ সারসহ ট্রাক জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ হাজার কেজি টিএসপি ও ডিএপি সারসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সার ও ট্রাকের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহজনক একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে থাকা সারের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকটি আটক করা হয়। পরে বিস্তারিত তল্লাশিতে ট্রাক থেকে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি সার এবং ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা হয় ২৪ হাজার কেজি বা ২৪ টন সার।

বিজিবির প্রাথমিক ধারণা, সারগুলো অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তবে এ ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

জব্দ করা সার ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন সীমান্তে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার স্বার্থে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ