ATN
শিরোনাম
  •  

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর

         
রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহত নওগাঁর সাতজনের মরদেহ দেশে আসার পর জানাজা সম্পন্ন হয়েছে। এরপর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হলে তারা মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হন।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ও পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। পরে প্রশাসনের সহযোগিতায় রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছে।

জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, নিহতদের পরিবারের জন্য ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া সৌদি আরবে থাকা বাকি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত, সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর সাতজন হলেন, আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং উপজেলার পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।

নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছানোর পর পারিবারিকভাবে দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ